ইন্দিরা গান্ধী হবেন রাধিকা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাধিকা আপ্তে
রাধিকা আপ্তে

বলিউডে যেন জীবনীনির্ভর চলচ্চিত্র তৈরির ধুম লেগেছে। বিখ্যাত ও ঐতিহাসিক চরিত্রগুলো নিয়ে একের পর এক ছবি বানাচ্ছেন নির্মাতারা। এবার ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য ছবি বানানোর পরিকল্পনা করছেন পরিচালক মধুর ভান্ডারকর। আর ইন্দিরার চরিত্রে তিনি নেওয়ার কথা ভাবছেন অহল্যা-খ্যাত রাধিকা আপ্তেকে। নির্মাতার কাছের একটি সূত্র এমনটাই জানিয়েছে।
রাধিকা এরই মধ্যে মাঝি: দ্য মাউন্টেনম্যান, বদলাপুর, ফোবিয়ার মতো ছবিতে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন। তাই ইন্দিরা গান্ধীর মতো শক্তিমান কোনো নারী চরিত্রে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু নেই। যদিও রাধিকা বা মধুর কারও কাছ থেকেই এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ইন্দিরা গান্ধী এখন পর্যন্ত ভারতের একমাত্র নারী প্রধানমন্ত্রী। ১৯৮৪ সালে তিনি আততায়ীর গুলিতে নিহত হন। নতুন ছবির জন্য তাঁকে নিয়ে এখন গবেষণায় ব্যস্ত আছেন পেজ থ্রি, ফ্যাশন ও হিরোইন-এর মতো ব্যবসাসফল বলিউডি ছবির নির্মাতা মধুর ভান্ডারকর। ফিল্মফেয়ার।