ইমতিয়াজের ছবিতে কিং খান

একসঙ্গে কাজ করেননি—তাতে কী? কিং খানের কাছ থেকে সব ছবিরই পরামর্শ নিতেন তিনি। কিং খানও সৃজনশীল পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন বন্ধুর মতো। শাহরুখ খান ও ইমতিয়াজ আলীর সম্পর্কটা এমনই। তবুও একসঙ্গে ছবি করা হয়নি বলিউডের এই দুই দিকপালের। এবার বুঝি সে খেদ মিটল কিং খান ভক্তদের। ইমতিয়াজের পরিচালনায় রূপালি পর্দায় আসছেন এসআরকে। ছবির নাম চূড়ান্ত না হলেও এটি যে রোমান্টিক ভালোবাসার গল্পের ছবি, তা নিশ্চিত করলেন স্বয়ং কিং খানই।
শাহরুখ বলেন, ‘অনেক আগে থেকেই আমি ইমতিয়াজকে চিনি। যখনই ও কোনো ছবি নির্মাণ করে, তখনই ছবির গল্প বলার জন্য বিস্ময়করভাবে ও আমার বাড়িতে ছুটে আসে। যদিও আমি ওর কোনো ছবিরই অংশ ছিলাম না। ও সব সময়ই আমার কাছে ওর ছবি নিয়ে একজন বন্ধুর মতো আলোচনা করেছে।’
একদিনের ঘটনা। ‘রকস্টার’ পরিচালক ইমতিয়াজ আলী শাহরুখ খানের কাছে এসে বললেন, ‘স্যার, আপনার জন্য একটি ছবি তৈরি করব।’ কিং খান তাঁকে দিলেন একটি শর্ত। শাহরুখ বলেন, ‘আমি তাঁর কাছে একটি সুখকর ছবির কথা বললাম। এখন পর্যন্ত আমি এই ঘরানাতেই আছি। তাঁর কাছে একটি সুন্দর ভালোবাসার গল্প ছিল। তবে এটা তারুণ্যের উচ্ছ্বল ভালোবাসার গল্প নয়। ভালোবাসার আসল রূপ তুলে আনতে ইমতিয়াজের জুড়ি নেই।’
শাহরুখ খান বর্তমানে তাঁর পরবর্তী ছবি রাহুল ধোলাকিয়া পরিচালিত ‘রইস’-এর মুক্তি নিয়ে ব্যস্ত সময় পার করছেন। আগামী বছর ২৬ জানুয়ারি ছবিটি মুক্তি দেওয়ার কথা রয়েছে। ইমতিয়াজ আলীর ছবির নাম চূড়ান্ত না হলেও নায়িকা হিসেবে আনুশকা শর্মাকে নেওয়ার কথা শোনা যাচ্ছে।
ইন্ডিয়াটুডে