ইরফান খানের ফিরে আসার পর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনস্টাগ্রামে এই ছবিটিই পোস্ট করেছেন হোমি আদজানিয়া
ইনস্টাগ্রামে এই ছবিটিই পোস্ট করেছেন হোমি আদজানিয়া

ক্যানসারকে জয় করে ফিরে এলেন বলিউডের প্রখ্যাত অভিনেতা ইরফান খান। মৃত্যুকে যেন স্পর্শ করে দ্বিতীয় জীবন নিয়ে ফিরলেন তিনি। আর সেই জীবনে ফিরেই আবারও হলেন অভিনেতা, ঝাঁপিয়ে পড়লেন 'আংরেজি মিডিয়াম' ছবির কাজে। মেঘে মেঘে বেলা হল। ছবির শুটিংয়ের শেষ দিনটাও দেখতে দেখতে চলে এল।

পরিচালক হোমি আদজানিয়া তাই ইনস্টাগ্রামে তাঁর আর ইরফান খানের একটা ছবি পোস্ট করলেন। লিখলেন ইরফান খানকে নিয়ে তাঁর অনুভূতিকাব্য। সেই কাব্যের শব্দে, বাক্যে আর দুটো শব্দ বা বাক্যের মাঝের বিরতিতে ছিল ইরফান খানে মুগ্ধ, বিস্মিত এক মানুষের ভালোবাসা। না, এবার হোমি আদজানিয়া ইরফান খানের পরিচালক নন। তিনি কেবলই একজন সাধারণ মানুষ, যার সঙ্গে দেখা হয়েছিল ইরফান খানের। তিন মাস তাঁরা একই যাত্রায়, একই পথে একসঙ্গে হেঁটেছেন।

ইরফান খান
ইরফান খান

ছবিতে দেখা যায়, ইরফান খান হোমি আদজানিয়াকে জড়িয়ে ধরে ঘাড়ে মাথা রেখে দুঃখী দুঃখী মুখ করে তাকিয়ে আছেন এক দিকে। যেন খুব দুঃখের কিছু ঘটেছে ইরফান খানের জীবনে। তাই তিনি জড়িয়ে ধরেছেন নিজের সব থেকে আপন মানুষটাকে, যাতে দুঃখ কিছুটা ঝরে পড়ে, লাঘব হয়। হোমি আদজানিয়া ছবিটির ক্যাপশনে লিখেছেন, 'ইরফান খান, মানুষ হিসেবে তুমি অবিশ্বাস্য। অভিনেতা হিসেবে তুমি "পারফেক্ট"। আমি তোমাকে কতটা ভালোবাসি-সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না।'

এভাবেই লেখা শুরু করেছেন তিনি। তারপর লিখেছেন, ‘আমি একটা উদ্দেশ্য নিয়ে ছবি বানাতে চেয়েছিলাম। আমি জানি ছবি বানানোর সেই কারণগুলো ভুল। কিন্তু তারপরও মনে হচ্ছে, সবই ঠিক আছে। ভালো কিছুই করেছি আমরা। দিন শেষে এই ছবিটা আমার জন্য অত্যন্ত আবেগপূর্ণ একটা অধ্যায় হয়ে থাকবে। আমি বিশ্বাস করি, আমাদের সম্মিলিত শুভবোধ আর জীবনকে উদ্‌যাপন করার মধ্য দিয়েই এটা হলো। সবকিছুর ঊর্ধ্বে এই ছবি আমাকে শিখিয়েছে, কীভাবে জীবনকে আরও আলোকিতভাবে দেখা যায়। আমি আমার সারাটা জীবন ধরে এটাই চেয়েছি।’

ইরফান খান
ইরফান খান

তিনি আরও জানিয়েছেন যে তিনি যেকোনো মূল্যে এই ছবিটা বানাতে চেয়েছিলেন। আর সেই যাত্রায় তাঁর জীবনের সব থেকে বড় প্রাপ্তি ইরফান খানকে পাওয়া। পরিচালক হোমি আদজানিয়ার এই বার্তা স্পর্শ করেছে বলিউড তারকা অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, অদিতি রাও, পত্রলেখা ও পরিচালক জোয়া আখতারকে। তাঁরাও মন্তব্য করে তাঁদের ভালোবাসা জানিয়েছিলেন।

এপ্রিল মাসের ৫ তারিখে এই ছবির শুটিং শুরু হয়েছিল উদয়পুরে। আর গতকাল শেষ হলো লন্ডনে। এই ছবিতে প্রথমবারের মতো পুলিশের চরিত্রে দেখা যাবে কারিনা কাপুরকে। রাধিকা মাদানকে এখানে দেখা যাবে ইরফান খানের মেয়ের চরিত্রে। যে উচ্চতর পড়াশোনার জন্য ইংল্যান্ডে যায়। এই ছবিতে আরও দেখা যাবে ডিম্পল কাপাডিয়াকে। ছবিতে ইরফান খানের চরিত্রের নাম চম্পক, পেশায় তিনি মিষ্টির দোকানদার।

শুটিংয়ের প্রথম দিনে ইরফান খান ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করেছিলেন। সেখানে দেখা যায়, তিনি দাঁড়িয়ে আছেন ঘসিটেরাম মিষ্টান্ন ভান্ডারের (জিএমবি) সামনে। ছবির ক্যাপশনে লিখেছিলেন, ‘সেই ১৯০০ সাল থেকে আপনাদের সেবায় জিএমবি।’ সবকিছু কত দ্রুত স্মৃতি হয়ে যায়। আবার হয়তো অন্য কোনো সিনেমায়, অন্য কোনো চরিত্র হবেন তিনি। এই তো অভিনয়শিল্পীর ধর্ম। পানির মতো সব পাত্রের আকৃতি নেওয়ার মতো তারল্য আছে বলেই হয়তো নিজেকে নিয়ে তাঁর উপলব্ধি, তিনি কোন 'খান' নন, তিনি শুধুই একজন ইরফান।

‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রথম দিনের শুটিং শেষে ছবিটি টুইটারে পোস্ট করেন ইরফান খান
‘আংরেজি মিডিয়াম’ ছবির প্রথম দিনের শুটিং শেষে ছবিটি টুইটারে পোস্ট করেন ইরফান খান

এর আগে ইরফান খানকে দেখা গিয়েছিল মিথিলা পার্কার ও দুলকার সালমানের সঙ্গে, ‘কারওয়াঁ’ ছবিতে। তারপরই ধরা পড়ে ‘নিউরোএন্ডোক্রাইন টিউমার’ নামে একটা দুরারোগ্য ও জটিল অসুখ। ২০১৮ সালের ৩ এপ্রিল যুক্তরাজ্যে একটা সার্জারির পর ইরফান খানের ফিরে আসা অনিশ্চিত হয়ে পড়ে। তখনই নাকি জীবনকে সব থেকে গভীরভাবে উপলব্ধি করেছেন এই অভিনেতা। তখন তিনি বলেছিলেন, কেবল অনিশ্চয়তাই জীবনের একমাত্র সত্য। তখন তাঁর সব ভক্ত আর অনুরাগীদের ধন্যবাদও জানিয়েছিলেন তাঁর পাশে থাকার জন্য, ভালোবাসার জন্য, দোয়া আর সমর্থনের জন্য।

'আংরেজি মিডিয়াম' ছবিটি ২০১৭ সালের ব্লকবাস্টার হিট ছবি 'হিন্দি মিডিয়ামে'র সিক্যুয়েল। ‘হিন্দি মিডিয়াম’ ছবির মতো এই ছবিটিও প্রযোজনা করছে দীনেশ বিজনের ম্যাডক ফিল্মস। এরপর ইরফান খানকে দেখা যাবে 'গুড নিউজ' ছবিতে। আর সেখানেও দেখা মিলবে কারিনা কাপুর খানকে। ‘গুড নিউজ’ ছবিতে আরও আছেন অক্ষয় কুমার, দিলজিৎ দোসাঞ্জ ও কিয়ারা আদভানিকে।

২০২০ সালের ২৪ এপ্রিল মুক্তি পাবে 'আংরেজি মিডিয়াম'।