ইরফান খানের রোগটা কী?

>
- ইরফানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর ঠিক নয়।
- তিনি পরিবারের সঙ্গে এখন দিল্লিতে আছেন।
- ইরফান খানের রোগটা কী?
বলিউডের বরেণ্য ও শক্তিমান অভিনেতা ইরফান খান বলেছেন, তিনি একটি বিরল রোগে ভুগছেন। কিন্তু রোগটা কী, তা আগামী কয়েক দিনের মধ্যে তিনি নিজেই সবাইকে জানাবেন। এদিকে টুইটারে তাঁর এই টুইট নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে নানা ধরনের খবর প্রচার করা হচ্ছে। এসব সংবাদের পরিপ্রেক্ষিতে বলিউডের বাণিজ্য বিশেষজ্ঞ ও ইরফান খানের পরিবারের ঘনিষ্ঠজন কোমল নাহটা গতকাল মঙ্গলবার গভীর রাতে টুইটারে লিখেছেন, ‘ইরফানের অসুস্থতা নিয়ে এসব খবর পুরোপুরি মিথ্যে। ইরফানের হাসপাতালে ভর্তি হওয়ার খবরও ঠিক নয়। তিনি পরিবারের সঙ্গে এখন দিল্লিতে আছেন।’
ইরফান খান বাংলাদেশে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘ডুব’ ছবিতে অভিনয় করেন। তাঁর অসুস্থতার ব্যাপারে গতকাল বুধবার প্রথম আলোকে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘ইরফান খানের বিরল ও জটিল রোগ হয়েছে, ভারতের চিকিৎসকেরা তেমনটাই অনুমান করছেন। তাঁর দেহে নানা পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে। আমি তাঁর পরিবার ও বন্ধুদের কাছ থেকে তেমনটাই শুনেছি।’
মোস্তফা সরয়ার ফারুকী আশা প্রকাশ করে বলেন, ‘ইরফান খান জীবনে অনেক লড়াই করেছেন। সব লড়াইয়ে তিনি জয়ী হয়েছেন। আমি বিশ্বাস করি, তিনি এবারও জয়ী হবেন।’
ভারত এবং বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে ইরফান খানকে নিয়ে নানা গুজব প্রসঙ্গে মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘যাঁরা তাঁকে ভালোবাসেন, তাঁর ভক্ত—সবার কাছে অনুরোধ, আপনারা এসব গুজবে কান দেবেন না। ইরফান খান যেখানে বলেছেন, তাঁর এই বিরল রোগের ব্যাপারে তিনি নিজেই জানাবেন, আসুন সবাই ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। সবাই দায়িত্বশীলতার পরিচয় দিই।’
সম্প্রতি শুটিং থেকে দিল্লিতে বাসায় ফেরার পর ইরফান খান অসুস্থতা বোধ করেন। তাঁর স্বাভাবিক খাবার খাওয়ায় সমস্যা হচ্ছিল। মাথা ঘুরে তিনি পড়ে যান। এ সময় পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তাঁর জন্ডিস হয়েছে। পরে আরও জানা যায়, এই জন্ডিস আসলে কোনো জটিল আর বিরল রোগের উপসর্গ। তবে তাঁর রোগটি কী, সে ব্যাপারে এখন পর্যন্ত চিকিৎসকেরা ধারণা করলেও নিশ্চিত করে কিছু জানাননি। ইরফান খানের রোগ নিয়ে দিল্লিতে ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল পরীক্ষা-নিরীক্ষা করছে। তাঁর শরীরের বিভিন্ন স্থান থেকে কোষ নিয়ে বায়োপসি পরীক্ষা করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।