ইরফানের সঙ্গে পরিণীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিণীতি চোপড়া
পরিণীতি চোপড়া

পরিণীতি চোপড়া কিছুটা ভীত, আবার একই সঙ্গে তিনি ভীষণ উচ্ছ্বসিতও। বলিউড আঙিনায় পা রাখার পর এমন অনুভূতি বোধ করি তাঁর খুব কমই হয়েছে। এই প্রথম তিনি ইরফান খানের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন। এত বড় মাপের একজন অভিনেতার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে নিজেকে গর্বিত মনে করছেন তিনি।


পরিণীতির ভাষায়, ‘আমার একটু একটু ভয় করছে। তবে একই সঙ্গে আমি দারুণ উচ্ছ্বসিত। কারণ, ইরফান খান একজন আন্তর্জাতিক মানের তারকা। তিনি তাঁর অভিনয় প্রতিভা দিয়ে সবার কাছে পরিচিত। তাঁর সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ানো ও অভিনয় করতে পারাটা অবশ্যই আনন্দের ব্যাপার।’

হোমি আদাজানিয়া পরিচালিত এই ছবির কর্মশালা শুরু হবে আগামী নভেম্বরে। ছবিটির নাম ‘তাকাদুম’।

পরিণীতির অতি উচ্ছ্বাসের আরও একটি কারণ আছে। এই ছবিতে সুশান্ত সিং রাজপুতও থাকছেন। পরিণীতি আর সুশান্ত প্রথম একসঙ্গে কাজ করেছিলেন ২০১৩ সালে, ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিতে। এত বছর তাঁরা আবারও জুটি হতে যাচ্ছেন।

পরিণীতি এখন ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবির শুটিয়ে ব্যস্ত। এনডিটিভি।