ইরফানের 'হিন্দি মিডিয়াম' বাংলা ছবির নকল?

২০১৪ সালে মুক্তি পেয়েছিল শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত বাংলা ছবি ‘রামধনু’। শিক্ষাব্যবস্থার অসংগতি ও সামাজিক কিছু টানাপোড়েন নিয়ে এই ছবির গল্প। একই বিষয়বস্তু নিয়ে সাকেত চৌধুরী বলিউডে তৈরি করেছেন ‘হিন্দি মিডিয়াম’ নামের একটি ছবি। ইরফান খান ও সাবা কামার অভিনীত এই ছবিটি এখনো মুক্তি পায়নি। ‘রামধনু’ ছবির গল্প সাকেত চুরি করেছেন কি না, এখনো তাই নিশ্চিত হয়ে বলা যাচ্ছে না। কিন্তু ছবির পোস্টারটি হুবহু নকল করা হয়েছে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই।
এই প্রসঙ্গে ‘রামধনু’ ছবির অভিনেতা ও নির্মাতা শিবপ্রসাদ বলেন, ‘হিন্দি ছবিটি তো এখনো মুক্তি পায়নি তাই এটি আমার ছবি থেকে পুরো নকল করা হয়েছে কি না বলতে পারছি না। কিন্তু ছবির পোস্টারটি অবিকল “রামধনু”-এর পোস্টারের মতো। সামাজিক যোগাযোগমাধ্যমে কলকাতার শিল্পীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন।’

এ বিষয়ে আইনি কোনো পদক্ষেপ নেবেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা বিষয়টি দেখে খুব অবাক হয়েছি। আর কিছুটা দ্বিধাগ্রস্তও বটে। কারণ হিন্দি ওই ছবিটি মুক্তির দিনে আমার নতুন একটি ছবি মুক্তি পাচ্ছে। আমরা এখন সেই ছবির প্রচারে ব্যস্ত। কলকাতার জ্যেষ্ঠ কয়েকজন শিল্পী বিষয়টিকে অন্য মাত্রায় নিয়ে গেছেন। আবার পোস্টার নকল করা হয়েছে এ বিষয়টিও ঠিক। আমি এটা আমার ছবির প্রযোজককে জানিয়েছি। তিনি একজন আইনজীবী। বিষয়টি তিনিই দেখবেন।’
এদিকে, ‘হিন্দি মিডিয়াম’-এর নির্মাতা সাকেত চৌধুরী বলছেন, তাঁর ছবিটি সত্য ঘটনার ওপর নির্মিত। তিনি কোনো ছবি থেকে এটি নকল করেননি। এত দ্রুত কোনো সিদ্ধান্তে না এসে তিনি সবাইকে ১২ মে হলে গিয়ে ছবিটি দেখার প্রস্তাব দেন। সেদিন মুক্তি পেতে যাচ্ছে ‘হিন্দি মিডিয়াম’। তাহলেই নাকি সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে। বলিউড বাবল।