ঈদে বেপরোয়া সালমানের ভক্তরা

বলিউডের ভাইজান সালমান খান প্রতিবারের মতো এবারের ঈদেও তাঁর অনুরাগীদের দর্শন দিয়েছেন। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে সুপারস্টার সালমান খান হাত নেড়ে শত শত অনুরাগীকে ঈদ মোবারক জানিয়েছেন। তবে এবারের চিত্রটা একটু অন্য রকম। এ বছর তাঁর বাড়ির সামনে হাজির হওয়া অনুরাগীর সংখ্যা অন্যান্যবারের তুলনায় অনেক বেশি ছিল। এমনকি সাল্লু মিয়ার ভক্তরা তাঁর অ্যাপার্টমেন্টের বাইরের প্রাচীরের ওপর চড়ে ফ্ল্যাটে ঢোকারও চেষ্টা চালায়।
সালমানের নিজস্ব নিরাপত্তারক্ষীরা তাদের আটকাতে না পেরে পুলিশ ডাকতে বাধ্য হন। সূত্রের খবর অনুযায়ী, এদিন রাত আটটা নাগাদ পুলিশ ভাইজানের বেপরোয়া অনুরাগীদের সামাল দিতে লাঠিপেটাও করে। এই বলিউড তারকার বাড়ির সামনে অপেক্ষারত ভক্তদের কারণে বিশাল যানজট সৃষ্টি হয় বলে জানা যায়।
প্রতিবছরই সালমান ঈদ ও তাঁর জন্মদিনে গ্যালাক্সির সামনে অপেক্ষারত হাজারো মানুষের সঙ্গে মোলাকাত করেন। এবার তাঁর অনুরাগীর সংখ্যা এতই বেশি ছিল যে পরিস্থিতির সামাল দিতে পুলিশের হস্তক্ষেপের প্রয়োজন হয়। যদিও অন্যান্যবারের ঈদে মুক্তি পাওয়া বলিউড সুলতানের ছবিগুলোর মতো এবারের ছবি সেভাবে এখনো জ্বলে ওঠেনি, তবু তাঁর অনুরাগীরা ‘বজরঙ্গি ভাইজান’-এর জন্য পাগল। এবার মুক্তি পাওয়া সালমানের ছবিটি হচ্ছে ‘টিউবলাইট’।