উগ্রবাদীদের হস্তক্ষেপে শুটিং বন্ধ

চিতরের রানি পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপনের অভিযোগে বন্ধ করতে হয়েছে ‘পদ্মাবতী’ সিনেমার শুটিং। শুধু তাই নয়, রাজপুত উগ্রবাদীদের হামলায় শুটিং পণ্ড হয়ে যায়, হেনস্তার শিকার হন পরিচালক সঞ্জয় লীলা বানসালি।
রাজস্থানের আমের ও জাইগারহ দুর্গে ‘পদ্মাবতী’ সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং চলছিল। কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও গতকাল শুক্রবার সন্ধ্যায় সেখানে হামলা করে রাজপুত উগ্রপন্থীদের একটি দল। ‘করনি সেনা’ নামের ওই সংগঠনের কর্মীরা পরিচালক সঞ্জয় লীলা বানসালিকে শারীরিকভাবে হেনস্তা করে।
শুটিং স্পটে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, সংগঠনটির কর্মীরা স্লোগান দিচ্ছে। পরিচালককে শারীরিকভাবে হেনস্তা করছে। ভাঙচুর করছে শুটিংয়ের সেট, লাইট, ক্যামেরা ও অন্যান্য আসবাব। তাঁরা সঞ্জয় লীলা বানসালির চারদিকে ঘিরে ফেলে এবং চড়-থাপ্পড় দেয়। সঞ্জয় নিজেকে বাঁচাতে সমর্থ হন। পরে পুলিশ এসে সবাইকে উদ্ধার করেন।
পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা অংশুমান ভুমিয়া জানান, শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরিচালক রাজস্থানে শুটিং না করার সিদ্ধান্ত নিয়েছেন। ‘করনি সেনা’র এক কর্মী বিক্রম সিং জানান, ছবিতে পদ্মাবতীকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। ইতিহাসের কোনো ধরনের বিকৃতি জনগণ মেনে নেবে না।
‘পদ্মাবতী’ ছবিটি নিয়ে শুরু থেকেই রাজপুতদের সঙ্গে বিতর্ক চলছে। ছবিতে পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, পদ্মাবতীর স্বামী রাজা রাওয়াল রতন সিংয়ের চরিত্রে শহীদ কাপুর ও আলাউদ্দিন খিলজির চরিত্রে অভিনয় করেছেন রনবীর সিং। বলিউড হাঙ্গামা