উচ্চ আদালতে শাহরুখপুত্র, আজ জামিন শুনানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনজীবীরা বরাবরই বলে আসছেন, আরিয়ান খানের কাছে কোনো মাদক মেলেনি

বুধবার জামিন হয়নি শাহরুখপুত্র আরিয়ানের। নিম্ন আদালতে বারবার খারিজ হয়েছে তাঁর জামিনের আবেদন। এবার তাই জামিন পেতে বম্বে হাইকোর্টে দ্বারস্থ হলেন আরিয়ান খান। গতকাল বুধবার বিকেলেই আবেদন করা হয়েছে। তবে শেষবেলায় আবেদন করার ফলে এদিন তাঁর জামিন আবেদনের শুনানি হয়নি। আজ বৃহস্পতিবার সকালে এ আবেদন শুনবেন বিচারপতি নীতীন সাম্ব্রে।
১৩ দিন ধরে মুম্বাইয়ের আর্থার রোড জেলে বন্দী আরিয়ান খান। আজ বৃহস্পতিবার আরিয়ানের বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

আরিয়ান (বাঁয়ে) ও শাহরুখ

২ অক্টোবর রাতে এনসিবি মুম্বাই উপকূলে একটি প্রমোদতরিতে অভিযান চালিয়ে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পরে শাহরুখপুত্রসহ এ পর্যন্ত মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রথমে আরিয়ান ছিলেন ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর বিশেষ জেলে। পরে সেখানে থেকে আর্থার রোড জেলে স্থানান্তরিত করা হয়।

শুরুতে মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত গ্রহণযোগ্যতার জেরেই খারিজ করেছিলেন আরিয়ানের জামিনের আবেদন। গতকাল সেশন আদালত ভারতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর দাখিল করা দলিল প্রাথমিকভাবে বিচার-বিশ্লেষণ করে আরিয়ান খানের জামিন আবেদন খারিজ করেছেন।

আরিয়ান

আদালত বলেছেন, প্রাথমিকভাবে যে তথ্যপ্রমাণ হাতে এসেছে, তাতে বোঝা যাচ্ছে নিষিদ্ধ মাদকের লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল আরিয়ান খানের। মাদক পাচারকারীদের সঙ্গে আরিয়ান খানের হোয়াসটঅ্যাপ চ্যাটের প্রমাণ মিলেছে। আরবাজ মার্চেন্টের কাছে নিষিদ্ধ মাদক রয়েছে, তা জানতেন আরিয়ান। ছয় গ্রাম চরস আরবাজ ও আরিয়ান দুজনে মিলেই ব্যবহার করতেন, তাই সেটি সরাসরি আরিয়ানের কাছ থেকে উদ্ধার না হলেও পরোক্ষভাবে দুজনের জিম্মাতেই ছিল।

বেআইনি মাদকসংক্রান্ত কার্যকলাপের সঙ্গে নিয়মিত জড়িত ছিলেন আরিয়ান খান, তা–ও সামনে এনেছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তাই প্রমোদতরিতে আরিয়ানের উপস্থিতি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছেন না আদালত। এবং জামিনে ছাড়া পেলে এ ধরনের অপরাধ আবার তিনি করবেন না, এমন কোনো নিশ্চয়তাও দেখছেন না আদালত, সেই কারণে আরিয়ানের জামিনের আবেদন খারিজ করেছেন আদালত।

অবশ্য আরিয়ানের আইনজীবী অমিত দেশাই গতকাল আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, কোন যুক্তিতে আরিয়ানকে জামিন দেওয়া হলো না, সে কথা তাঁদের জানানো হয়নি। নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মুম্বাই হাইকোর্টে আবেদন জানানো হবে।

আরিয়ান খান

আজ সকালেই মুম্বাই হাইকোর্টে শাহরুখপুত্রের জামিন শুনানি হবে। দুপুর নাগাদ হয়তো জানা যাবে জেল থেকে ছাড়া পাচ্ছেন, না তাঁকে আরও কিছুদিন জেলে থাকতে হবে।