উদয়-নার্গিস 'কাছের বন্ধু'

নার্গিস ফখরি হুট করেই যেন লাপাত্তা হয়ে গেলেন। এরপর খবর এল তিনি পরপর তিনটি ছবির কাজ করে খুব ক্লান্ত। তাই কিছুদিনের জন্য নিউইয়র্কে যাচ্ছেন। কিন্তু নিন্দুকেরা তাতে অন্য কিছুর গন্ধ পেয়েছে। তাদের ধারণা, মন ভেঙেছে নার্গিসের। আর তাঁর মন নাকি ভেঙেছেন বলিউড তারকা উদয় চোপড়া। কিন্তু উদয় বলছেন ভিন্ন কথা। তাঁর ভাষ্য, ‘নার্গিস আমার কাছের বন্ধু। আমার সম্পর্কে যা রটেছে, তা মিথ্যা।’
নার্গিস ফখরি ও উদয় চোপড়ার প্রেমের গুঞ্জন অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। সম্প্রতি বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে আরেকটি খবর। নার্গিসের সঙ্গে প্রায় ঠিকঠাক হয়ে যাওয়া বিয়ে ভেঙে দিয়েছেন উদয়। আর এ জন্যই মানসিকভাবে ভেঙে পড়েছেন ‘রকস্টার’ ছবির অভিনেত্রী নার্গিস। তাঁর অসুস্থতা ও বলিউডে অনুপস্থিতির দায় এসে পড়ে উদয়ের ঘাড়ে। তাই আর চুপ থেকে পারলেন না তিনি। গতকাল বুধবার একটি টুইট বার্তায় জানিয়ে দিয়েছেন, ‘আচ্ছা, বিষয়টা তাহলে এখন এই অবস্থায় পৌঁছেছে। আসলে আমি ও নার্গিস খুব কাছের বন্ধু। আর আশপাশে যেসব গুজব শোনা যাচ্ছে, তাঁর কোনো ভিত্তি নেই।’
উদয়-নার্গিসের সম্পর্কের বাস্তব ভিত্তিটা কী, তা তো সময়ই বলবে। এনডিটিভি।