উপস্থাপিকার সঙ্গে মেজাজ দেখালেন কঙ্গনা

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের মেজাজ যে কখন খারাপ হবে, আর কী কারণে হবে—সেটা ঠাওর করার সাধ্য কার? এই গরম মেজাজের কারণে কিছুদিন আগে সহশিল্পী শহিদ কাপুরের সঙ্গেও সম্পর্ক খারাপ হয়েছে তাঁর। এবার একটি টিভি অনুষ্ঠানে গিয়ে উপস্থাপিকার সঙ্গে খারাপ ব্যবহার করে এসেছেন এই অভিনেত্রী।
শুক্রবার মুক্তি পাবে কঙ্গনা অভিনীত ছবি ‘রেঙ্গুন’। এই ছবিতে তাঁর সহশিল্পী শহিদ কাপুর। শহিদের সঙ্গে এই ছবির প্রচার করতে কঙ্গনা হাজির হয়েছিলেন রিয়্যালিটি শো ‘দ্য ভয়েজ’-এ। সেখানে বিচারক সেলিম ও সুলায়মানের অনুরোধে কঙ্গনাকে নকল করে দেখান অনুষ্ঠানের উপস্থাপিকা সুগন্ধা মিশ্র। সুগন্ধার অভিনয়ে অন্যরা বেশ মজা পেলেও চটে যান কঙ্গনা। এরপর সুগন্ধার সঙ্গে তিনি আর কোনো কথাই বলেননি। এমনকি শুটিং শেষে তাঁর পাশ দিয়ে যাওয়ার সময়ও চোখাচোখি বা হাসি বিনিময় না করে কঙ্গনা গম্ভীর হয়ে ছিলেন। ইউনিটের এক ব্যক্তি জানান, ‘সেই পরিস্থিতিটি আমাদের সবার জন্যই খুব বিব্রতকর ছিল।’
কিছুদিন আগে কঙ্গনা শহিদের সম্পর্কে বলেছেন, ‘শহিদের সঙ্গে এক ঘরে শুটিং করা দুঃস্বপ্নের মতো। তাঁর সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে আমার জঘন্য লেগেছে।’
খিটমিটে মেজাজের জন্য প্রায়ই কঙ্গনা বেফাঁস মন্তব্য করে ফেলেন আর খবরের শিরোনাম হন। ফিল্মফেয়ার