ঊর্মিলার ৪ কোটি টাকার ফ্ল্যাট নিয়ে কঙ্গনার কটাক্ষ

ঊর্মিলা মার্তন্ডকার ও কঙ্গনা রনৌতছবি: কোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড তারকা কঙ্গনা রনৌতকে আজকাল অনেকে ‘শব্দবোমা’ সম্বোধন করেন। তাঁর ডায়েরিতে ‘চুপ থাকা’ বলে কোনো শব্দ নেই যেন। তিনি কখনোই চুপ থাকতে পারেন না। একটা দিনের জন্যও নয়। অনলাইন দুনিয়ায় প্রতিদিনই নিত্যনতুন মন্তব্য ছুড়ে দেন তিনি। অনেকে সেগুলোকে ‘প্রলাপ’ বলেও বিবেচনা করেন। আর সেই ‘প্রলাপ’ নিয়ে আলাপ ছড়িয়ে পড়ে। গত বছর তাঁর কটু মন্তব্যের তির ভেদ করেছিল একসময়ের বলিউড তারকা ঊর্মিলা মার্তন্ডকারকে। কঙ্গনা তাঁকে বলেছিলেন পর্নো তারকা। এবার সেই ঊর্মিলা মার্তন্ডকারের চার কোটি টাকার ফ্ল্যাট নিয়েও কটাক্ষ করলেন কঙ্গনা।

কঙ্গনা রনৌত
ইনস্টাগ্রাম

বেশ কয়েটি ভারতীয় গণমাধ্যম সম্প্রতি খবর প্রকাশ করেছে, শিবসেনা দলে যোগ দেওয়ার পর মুম্বাইতে চার কোটি টাকার ফ্ল্যাট কিনেছেন ঊর্মিলা। ব্যস। ঊর্মিলাকে খোঁচা দেওয়ার সুযোগটি আর হাতছাড়া করেননি কঙ্গনা রনৌত। ভারতের একটি অনলাইন পোর্টালে প্রকাশিত ঊর্মিলার ফ্ল্যাট কেনার খবর টুইটারে শেয়ার করে কঙ্গনা লিখেছেন, ‘আহারে আমি নিজের পরিশ্রমের টাকায় যে বাড়িটি তৈরি করেছিলাম, সেটা বিজেপি হাতুড়ি চালিয়েছে। ভেঙে দিয়েছে বেশ খানিকটা।

বিজেপিকে খুশি করতে আমার বিরুদ্ধে শুধু ২৫-৩০টি মামলা হয়েছে। আপনার মতো (ঊর্মিলা) কংগ্রেসকে খুশি করলে ভালো হতো। কী বোকা না আমি?’ সেই টুইটে এক শিবসেনা নেত্রীকে ট্যাগ করছেন কঙ্গনা।

কঙ্গনা ও ঊর্মিলা মাতন্ডকর
ইনস্টাগ্রাম

বলিউডের দুই প্রজন্মের নায়িকার এই বিতর্কের সূত্রপাত গত সেপ্টেম্বর মাস থেকে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর মাদক বিতর্কে অকারণে বলিউডকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে, সংসদে অভিযোগ করেছিলেন জয়া বচ্চন। সে সময় তাঁকে পাল্টা আক্রমণ করেন কঙ্গনা। যে ভাষায় তিনি জয়াকে আক্রমণ করেছিলেন, তার কড়া নিন্দা করেছিলেন ঊর্মিলা।

ঊর্মিলা মাতন্ডকর

সে সময় তিনি ভারতীয় গণমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘সারা দেশে মাদকের সমস্যা। তিনি (কঙ্গনা) কি জানেন হিমাচল মাদকের জন্মস্থান? তাঁর উচিত নিজের রাজ্য থেকে মাদকের বিরুদ্ধে অভিযান শুরু করা।’ তারপর যা হওয়ার তাই হয়েছিল। যেন ইট পড়ল কঙ্গনার মাথায়। জবাব তো তাঁর কাছে তৈরিই থাকে। আরেকটি ভারতীয় গণমাধ্যম ‘টাইমস নাউ’কে সাক্ষাৎকার দেন তিনি।

কংগ্রেসে যোগ দিয়েছেন ঊর্মিলা মাতন্ডকর। ছবি: এএনআই

সেখানে তিনি বলেন, ‘আমি রীতিমতো যুদ্ধ করছি সময়ের সঙ্গে। আর তিনি আমার এই যুদ্ধ নিয়ে ঠাট্টা করেছেন। তিনি কে? তিনি তো পর্নো তারকার মতো (সফট পর্নো স্টার) কী করেছেন জানি আমরা।’ কঙ্গনা আরও বলেন, ‘বললে খারাপ শোনাবে হয়তো, ঊর্মিলাকে কেউ তাঁর অভিনয় মুনশিয়ানার জন্য চেনে না, তাঁকে মানুষ চেনেন “সফট পর্নো” অভিনেত্রী হিসেবে। ঊর্মিলা যদি নির্বাচন করতে পারেন, আমিও নির্বাচনে সহজে দাঁড়াতে পারি।’ সে সময় এই বাগ্‌যুদ্ধে বলিউডের অন্য তারকাদের বেশির ভাগই ঊর্মিলার পক্ষ নিয়েছিলেন।

কঙ্গনা রনৌত
ছবি: কোলাজ