এ কোন হৃতিক!

নাচে পারদর্শিতার জন্য সুপরিচিত মুখ বলিউড তারকা হৃতিক রোশন। সেই হৃতিককে তাল-লয় ভুলে হাত-পা ছুড়ে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে দেখলে অবাক হওয়ারই কথা। সম্প্রতি এমন এক হৃতিককেই দেখা গেছে সদ্য প্রকাশিত একটি ভিডিওতে। মজার ভিডিওটি প্রকাশিত হওয়ার পর হৃতিক ভক্তরা ভীষণ অবাকই হয়েছেন।
ভিডিওটিতে ষাটের দশকের ‘আজা আজা ম্যায় হু পেয়ার তেরা’ গানের সঙ্গে নাচতে দেখা গেছে হৃতিককে। ‘কোয়ি মিল গায়া’ ছবির রোহিত চরিত্রটির বেশে নেচেছেন তিনি। ভিডিওটির প্রথম কয়েক সেকেন্ডে ভালো করে লক্ষ্য না করলে হৃতিককে ঠিকমতো চেনাই যাচ্ছে না। বেগুনি রঙের শার্ট আর ধূসর টুপি পরে তিনি যে অনেক মজা করে নেচেছেন তা তাঁর অভিব্যক্তিই বলে দিচ্ছে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, গত বছর ‘কৃশ ৩’ ছবির শুটিং চলার সময় ভ্যানিটি ভ্যানের ভেতর সম্পূর্ণ নিজের ইচ্ছায় ভিডিওটি ধারণ করেছিলেন হৃতিক। কেন এমনটি করেছিলেন—জানতে চাইলে হৃতিক বলেন, ‘“কৃশ ৩” ছবিতে রোহিত চরিত্রটির মৃত্যু ঘটেছে। চরিত্রটিতে অভিনয়ের শেষ দিন আমি এই ভিডিও ধারণ করেছিলাম। চরিত্রটিকে নিজের মতো করে আনুষ্ঠানিক বিদায় জানাতেই আমি তা করেছিলাম।’
হৃতিক আরও বলেন, ‘কে কী ভাবল বা কেমন দেখাচ্ছে সেটা না ভেবে মানুষ যখন উদ্দাম নাচে মেতে ওঠে, তখন আমার খুব ভালো লাগে। রোহিতও ঠিক সেভাবেই নাচে। নিজে এমন একটি অভিজ্ঞতা পাওয়ার জন্য ভিডিওটি ধারণ করার সময় আমি কোনো কিছু না ভেবে পাগলের মতো নেচেছি।’
ভিডিওটি এত দিন শুধু হৃতিকের কাছের বন্ধুরাই দেখার সুযোগ পেয়েছেন। সেই বন্ধুদের অনুরোধেই সম্প্রতি ভিডিওটি অনলাইনে প্রকাশ করেন হৃতিক।
হৃতিককে অদ্ভুত ভঙ্গিমায় নাচতে দেখতে ক্লিক করুন—