এ বছরই হৃতিকের হলিউড অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হৃতিক রোশন
হৃতিক রোশন

বলিউডের অনেক তারকাই হলিউডের ছবিতে নাম লিখিয়েছেন। হলিউডের ছবিতে অভিনয়ের সবরকম যোগ্যতাই আছে সুদর্শন ও পেশিবহুল বলিউডের অভিনেতা হৃতিক রোশনের। গত ১৫ বছর ধরে বলিউডে সফল বিচরণের পরও এখন পর্যন্ত হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পাননি এই ‘কৃশ’ তারকা। তবে অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, হলিউডে পা রাখতে যাচ্ছেন হৃতিক। বিভিন্ন গণমাধ্যম ফলাও করে এমন খবর প্রকাশও করেছে। কিন্তু খবর কেবল খবরই থেকেছে, সত্য হয়নি। অবশেষে হলিউড অভিষেকের খবর নিশ্চিত করলেন হৃতিক। জানালেন, এ বছরই তাঁর হলিউড অভিষেক হচ্ছে।
সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপচারিতার সময় হৃতিক জানান, হলিউডের একটি ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। এ বছরই ছবিটির কাজ শুরু করবেন বলেও জানান তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘হ্যাঁ, এ বছর আমার হাতে হলিউডের একটি ছবি আছে।’
হৃতিক ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু না জানালেও ধারণা করা হচ্ছে, পুরোদস্তুর অ্যাকশন ঘরানার ছবিতে অভিনয়ের মাধ্যমেই হলিউডে পা রাখবেন তিনি। বর্তমানে আশুতোষ গোয়ারিকর পরিচালিত ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন হৃতিক। ছবিটির কাজ শেষ করার পরপরই হলিউডের ছবিতে অভিনয়ের ঘোষণা দেবেন ৪১ বছর বয়সী এ তারকা অভিনেতা। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া ডটকম।
পিকের আমিরের পথে মহেনজোদারোর হৃতিক!এর আগে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘পিংক প্যানথার’ ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিয়েছিলেন হৃতিক। তবে ছবিটিতে অভিনয় করেছিলেন বলিউডের আরেক জনপ্রিয় তারকা ঐশ্বরিয়া রাই বচ্চন।

এদিকে, ‘মহেঞ্জোদারো’ ছবির শুটিং চলছে গুজরাটের ভুজ শহরে। বৈরী আবহাওয়ায় ছবিটির শুটিং করতে গিয়ে ছবির সেটে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছেন বলেই জানিয়েছেন হৃতিক। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘ধূলিঝড়ের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করতে হচ্ছে। ছবির সেটে অনেকেই অজ্ঞান হয়ে পড়ছেন।’
‘মহেঞ্জোদারো’ ছবির শুটিং শুরু হওয়ার পর থেকেই গুঞ্জন চলছে, আমিরের পথেই নাকি হাঁটতে যাচ্ছেন হৃতিক।
গত বছর শত আলোচনা-সমালোচনার পরও শেষ পর্যন্ত ‘পিকে’ ছবিতে ঠিকই নগ্ন হয়ে হাজির হয়েছিলেন আমির খান। ছবির দৃশ্যে কেবলমাত্র পুরোনো একটি ট্রানজিস্টরে আবরু ঢেকে রাখতে দেখা যায় তাঁকে। ‘মহেঞ্জোদারো’ ছবির শুরুর দৃশ্যে নাকি নগ্ন হয়ে হাজির হবেন হৃতিক। অবশ্য আমিরের মতো হৃতিকও আবরু ঢেকেই ক্যামেরার সামনে দাঁড়াবেন। এ বিষয়ে জানতে চাইলে হৃতিক মজা করার ছলে বলেন, ‘আমি ছবিতে নগ্ন হই না। নগ্ন হই অন্য কোথাও।’
‘মহেঞ্জোদারো’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হচ্ছে দক্ষিণের অভিনেত্রী পূজা হেজের। ছবির অন্যান্য চরিত্রে আছেন কবির বেদি, অরুণোদয় সিং প্রমুখ। ছবিটি মুক্তি পাবে ২০১৬ সালের ১২ আগস্ট।