এই পদ্মাবতী রক্তাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদিকে কোথাও চাপা উত্তেজনা। সাংবাদিক বন্ধুদের সঙ্গে দেখা হলে একটাই প্রশ্ন, পদ্মাবত মুক্তির দিন কি কিছু হতে যাচ্ছে? বলা যায়, সারা দেশ তাকিয়ে আছে ২৫ জানুয়ারির দিকে। ইতিমধ্যে অনেক কিছু ঘটবে বলে আভাস দিয়েছে করণি সেনার দল।

প্রেক্ষাগৃহে কারফিউ, ভারত বন্‌ধ্‌ ডাকার হুমকি দিয়েছে করণি সেনার দল। সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন যোশীও তাদের রোষের মুখে পড়েছেন। করণি সেনাদের তালে তাল মিলিয়ে রাজপুত কিছু নারী বিষ খাবেন বলেছেন। ১০০ নারী বলেছেন, জহরব্রত পালন করে গায়ে আগুন দেবেন, যেমনটা রানি পদ্মাবতী দিয়েছিলেন।
এই শনির দশা শুরু হয়েছে পদ্মাবত শুটিংয়ের শুরুর দিন থেকেই। তবে রানি পদ্মিনী ওরফে পদ্মাবতী পর্দাতে এই প্রথম আসছেন না। এর আগে ১৯৬৩ সালে চিতোর রানি পদ্মিনী নামের একটি তামিল ছবি হয়েছিল, তাতে পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছিলেন বৈজয়ন্তী মালা। এক বছর পর মহারানি পদ্মিনী নামের আরেকটি ছবি হয়। সেখানে পদ্মিনীর চরিত্রে ছিলেন অনিতা গুহ। সেসব ছবি নিয়ে রাজনীতির ময়দান তখন উত্তপ্ত হয়নি।
এদিকে কিছু ইতিহাসবিদের দাবি, রানি পদ্মাবতী বলে ভারতের মধ্যযুগে কেউ ছিলেনই না। আলাউদ্দিন খিলজি অবশ্যই ছিলেন। চিতোর রাজা রতন সিংয়ের নামও ইতিহাসের পাতায় আছে। কিন্তু ‘পদ্মাবতী’ নাকি শুধুই কল্পনা—মালিক মহম্মদ জয়সির সুফি কবিতায় জন্ম নেওয়া এক সুন্দরী নারী কেবল। আলাউদ্দিন খিলজির প্রায় তিন শ বছর পর পদ্মাবতীর সৃষ্টি হয় কবির লেখনীতে। তবে এই কল্পনার নারীকে নিয়ে কিসের এত বিতর্ক?

পদ্মিনীরূপী দীপিকার অনাবৃত কোমর প্রযুক্তির মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে
পদ্মিনীরূপী দীপিকার অনাবৃত কোমর প্রযুক্তির মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে

বাড়তে থাকা উত্তেজনাকে সামাল দিতে সেন্সর বোর্ড ছবিতে পাঁচটি পরিবর্তন আনার নির্দেশ দেয়। প্রথমে ছবির নাম ছিল পদ্মাবতী। সেন্সর বোর্ডের সিদ্ধান্তে সেটি পদ্মাবত হয়ে যায়। অন্য শর্তগুলোও মেনে নিয়েছেন পরিচালক সঞ্জয় লীলা বানসালি। করণি সেনাদের তুষ্ট করতে নির্মাতা ছবির ‘ঘুমর’ গানের দৃশ্য পাল্টে দিয়েছেন। পদ্মিনীরূপী দীপিকার অনাবৃত কোমর প্রযুক্তির মাধ্যমে ঢেকে দেওয়া হয়েছে। পরিবর্তনের পর ছবিটি আবার সেন্সর বোর্ডকে দেখিয়েই পাওয়া গেছে চূড়ান্ত অনুমতি।
তারপরও করণি সেনাদল আন্দোলন থামায়নি। গুজরাট, রাজস্থান, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ ও হরিয়ানার রাজ্য সরকারগুলোও এই ছবির ওপর নিষেধাজ্ঞা সরায়নি। পরিচালক তখন আদালতের দ্বারস্থ হতে বাধ্য হন। আর সর্বোচ্চ আদালত দেশের সব রাজ্যে ছবিটি মুক্তি পাওয়ার আদেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্টের রায়ের পরও পদ্মাবতকে ঘিরে বিতর্ক শেষ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে না। রাজস্থান ও মধ্যপ্রদেশ সরকার এই রায়ের বিরোধিতা করেছে। তারা বলছে, ছবিটি মুক্তি পেলে আইনশৃঙ্খলার বিঘ্ন হতে পারে। উত্তরে আদালত সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব তাঁদের নয়। গুজরাটও মেনে নেয়নি পদ্মাবত-এর মুক্তিকে।
শোনা গেছে, ভারত বন্‌ধের হুমকি থেকে পিছু হটেছেন করণি সেনারা। ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসকে সম্মান করে আপাতত বন্‌ধ্‌ ডাকা হচ্ছে না। তার বদলে কারফিউয়ের আবেদন তাঁরা করবেন। ২৫ জানুয়ারি যে কী হতে যাচ্ছে, সবাই আছে এই উৎকণ্ঠায়।
কবির কল্পনার সেই ‘পদ্মাবতী’ আজ রক্তাক্ত। পদ্মাবতীর শরীরের এই আঁচড় মানুষেরই। কিছু মানুষের হিংসার আঁচড়, স্বার্থসিদ্ধির আঁচড়।