এই মেয়েটি, সেই মেয়েটি!

মাত্র ৫ বছর বয়সে মেয়েটি অভিনয় দিয়ে সবার মন কেড়েছিল। ছবিটির নাম ছিল ‘চাচী ৪২০’। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সেই ছবিতে ফাতিমা সানা শেখ নামে সেই ছোট্ট মেয়েটি অভিনয় করেছিল গুণী অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী টাবুর মেয়ের চরিত্রে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া সেই ছবি এখনও অনেকের প্রিয় কমেডি ছবিগুলোর একটি। সেই ছবির অনেকটা অংশেই কমল হাসান নারীর সাজ-পোশাকে অভিনয় করেছিলেন আর সানাও পাল্লা দিয়ে অভিনয় করেছিল তাঁর মেয়ের চরিত্রে।

ছোট্ট সেই ফাতিমা আর ছোট্টটি নেই। তাঁর বয়স এখন ২৪। তবে তারকাদের ‘সন্তান’-এর চরিত্রে অভিনয় করার শখ এখনও যায়নি তাঁর। তাই তো লম্বা সময় পর যখন আবারও অভিনয়ে ফিরছেন পরিণত বয়সী ফাতিমা, তখনও এক মহাতারকার মেয়ে হিসেবেই ঘটছে তাঁর প্রত্যাবর্তন। ফাতিমা এখন অভিনয় করছেন আমির খানের মেয়ের চরিত্রে। ‘দাঙ্গাল’ ছবিতে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তিনি। এখন তা নিয়েই ব্যস্ত দিন কাটছে তাঁর। কিছুদিন আগেই টুইটারে আমিরের তোলা এক সেলফিতে সেই ছোট ফাতিমার বর্তমান রূপ প্রকাশ পাওয়ার পর থেকেই আবারও আলোচনায় উঠে এসেছে মেয়েটি। অনেকে অবাক হয়েই প্রশ্ন করছে, ‘এই মেয়েটিই কি সেই মেয়েটি?’

বলে রাখা ভালো, ফাতিমা কিন্তু মাঝে আরও এক বলিউড অভিনেতার মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। সেই ছবিটির নাম ‘ওয়ান টু কা ফোর’। ওই ছবিতে তাঁকে দেখা গিয়েছিল জ্যাকি শ্রফের মেয়ের চরিত্রে। শাহরুখ খান ও জুহি চাওলাও সেই ছবিতে অভিনয় করেছিলেন। ডিএনএ।
