এক গানেই 'এলাহি কাণ্ড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দীপিকা পাড়ুকোন
দীপিকা পাড়ুকোন

সঞ্জয়লীলা বানশালির ছবি মানেই তো এলাহি কাণ্ড। ছবির সেট তৈরি করতে এই নির্মাতা যে পরিমাণ সময় ও শ্রম দেন, এতে তাঁর জুড়ি মেলা ভার। বানশালি এখন রানি পদ্মাবতীকে নিয়ে একটি সিনেমা বানাতে ব্যস্ত। এই ছবির একটি গানের শুটিংয়ের জন্যই এখন চলছে ব্যাপক তোড়জোড়।

যেখানে আজকাল দুই মাসে পুরো সিনেমার শুটিং শেষ হয়ে যায়, সেখানে ‘পদ্মাবতী’ নামের এই সিনেমার একটি গানের সেট তৈরি করতেই সময় লেগেছে ৪০ দিন। রাজস্থানের ঐতিহ্যবাহী লোকনৃত্য থাকবে এই গানে। সঞ্জয়লীলার কাছের একজন জানান, রাজপুতের নানা সংস্কৃতি এই গানে তুলে ধরা হবে। তাই সেটটিও তৈরি করা হয়েছে রাজকীয় সাজে।

রাজস্থানের চিতরগড় দুর্গের আদলে তৈরি বিশাল এই সেটের দেয়ালে দেয়ালে আঁকা হয়েছে অসংখ্য শিল্পকর্ম। গানের শুটিংয়ে জ্বালানো হবে প্রায় ৪০০ প্রদীপ। সেগুলো প্রজ্বলিত করতেই নাকি লাগবে দুই দিন!

এই গানের জন্য জয়পুর থেকে সংগীতশিল্পী আনা হয়েছে। দীপিকা পাড়ুকোনের সঙ্গে এ গানে পেশাদার নৃত্যশিল্পীরাও নাচের তাল মেলাবেন। এর পাশাপাশি এই গানে আগুন খেলার কয়েকটি দৃশ্যও থাকবে বলে জানা গেছে।

দীপিকা পাড়ুকোনও এর জন্য ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন। তিনি অবশ্য সিনেমার শুটিং শুরুর আগেই বলেছিলেন, ‘সামনের কয়েকটা মাস আমার জন্য বেশ কঠিন হবে।’

তবে, চ্যালেঞ্জ গ্রহণ করতে সদা প্রস্তুত এই অভিনেত্রী এবারের চ্যালেঞ্জেও নিশ্চয়ই ভালোভাবে উতরে যাবেন। ‘পদ্মাবতী’-তে আরও অভিনয় করেছেন রণবীর সিং ও শহীদ কাপুর। এটি মুক্তি পাবে আগামী বছরের ১৭ নভেম্বর। বলিউড হাঙ্গামা।