
পদ্মাবতীর শুটিং শুরুর সময় থেকেই একে বিতর্ক ঘিরে রেখেছে। শুটিং সেটে সেট কর্মীর মৃত্যু, সেটে উগ্রবাদীদের হামলা, পরিচালক সঞ্জয়লীলা বানশালীর লাঞ্ছিত হওয়া—কত অঘটন। সেখানেই সব শেষ হলে পারত। কিন্তু তা হয়নি। এখন পদ্মাবতী ইস্যুতে পুরো ভারত রীতিমতো দুই ভাগে বিভক্ত। বলিউডের একটা পুরোদস্তুর বাণিজ্যিক সিনেমা সারা দেশের রাজনীতিতে কতখানি প্রভাব ফেলতে পারে, তা ভারতীয় গণমাধ্যমগুলোয় নজর দিলেই বোঝা যায়।
প্রতিটা ভারতীয় নিউজ চ্যানেলের ‘প্রাইম টাইমে’ টক শোগুলোয় এখন একটাই আলোচনার বিষয়। তা হলো পদ্মাবতী। সিনেমা তো বিনোদনের খোরাক। কিন্তু এখন সেই সিনেমাই অনেকের জীবনকে হুমকির মুখে ফেলে দিচ্ছে। এই যেমন দীপিকা পাড়ুকোনের কথাই ধরা যাক। ছবিতে তিনি শুধু অভিনয় করেছেন। পরিচালক সঞ্জয়লীলা বানশালীর কথামতো অভিব্যক্তি দিয়েছেন, স্ক্রিপ্টে থাকা সংলাপগুলোই নির্মাতার নির্দেশে ক্যামেরার সামনে বলেছেন। এখন সেই দোষেই তাঁর জীবন হুমকির মুখে। পদ্মবতী ছবির নাম ভূমিকায় অভিনয়ের ‘অপরাধে’ এ অভিনেত্রীর কাটা নাকের ওপর ঘোষণা করা হয়েছে পুরস্কার! উগ্রবাদী নেতারা এ অভিনেত্রীকেই শুধু নয়, তাঁর পুরো পরিবারের প্রাণনাশের হুমকিও দিয়েছে। তাই এখন দীপিকার পুরো পরিবারকে দেওয়া হচ্ছে পুলিশি নিরাপত্তা। অন্যদিকে ভালো নেই সঞ্জয়লীলা বানশালীও। তাঁকে দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ইতিহাস বিকৃতি আর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ভারতের ডানপন্থী রাজনৈতিক দলের নেতারা উত্তপ্ত করে রেখেছেন পুরো দেশ।
এরই মধ্যে ছবিটির মুক্তি পিছিয়ে গেছে। কথা ছিল, ১ ডিসেম্বর ভারতজুড়ে মুক্তি পাবে পদ্মাবতী। কিন্তু চারদিকে শুরু হওয়া বিক্ষোভ-হামলা-মামলার কারণে ভারতের সেন্সর বোর্ড ছবিটি ছাড়ার সাহস পাচ্ছে না। তাই সময়মতো ছাড়পত্র না পাওয়ায় আগের ঠিক করা দিনে আলোর মুখ দেখছে না পদ্মবতী। গুঞ্জন আছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী বছরের আগস্টে হয়তো পদ্মাবতী দর্শকের সামনে আসতে পারে।

ভারতের প্রতিটি প্রদেশেই পদ্মাবতী নিয়ে এখন তর্ক-বিতর্কের ঝড়। মিছিল-মিটিংয়ে বানশালী-দীপিকা-রণবীরের বানানো কুশপুত্তলিকায় আগুন ধরানো হচ্ছে রোজ। এরই মধ্যে পাঞ্জাব, উত্তর প্রদেশ ও মধ্যপ্রদেশে পদ্মাবতী নিষিদ্ধ করা হয়েছে। মহারাষ্ট্র সরকারও ছবিটি নিষিদ্ধ করার চিন্তা করছে। তবে এর মধ্যে স্রোতের বিপরীতে হাঁটছে পশ্চিমবঙ্গ ও কর্ণাটক সরকার। তাঁরা পদ্মাবতীর ব্যাপারে উদার। এখনো এই দুই রাজ্যে পদ্মাবতী নিয়ে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা।
তবে চলচ্চিত্রপাড়ার সবার বয়ানে ফুঁসে উঠছে ক্ষোভ। শিল্পীরা দাঁড়িয়েছেন সঞ্জয়লীলা বানশালীর পাশে। সালমান খান থেকে শাবানা আজমি—সবাই জোরগলায় উগ্রবাদী আচরণের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। চলচ্চিত্রের মাধ্যমে স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকার চাইছেন। অন্যদিকে রানি পদ্মাবতী ও আলাউদ্দীন খিলজির চরিত্রের বিকৃত রূপায়ণের প্রতিবাদে সোচ্চার গোঁড়া ডানপন্থী উগ্রবাদীরাও। বিষয়টিকে শুধু সিনেমা বা বিনোদনের খোরাকের মধ্যে রাখেননি তাঁরা। এর সঙ্গে জাতীয়তাবাদ ও ধর্মীয় অনুভূতির বিষয়কেও জুড়ে দিয়েছেন রাজনীতিকেরা। এখন অপেক্ষা পরিস্থিতি শান্ত হওয়ার। জয় সিনেমার হবে, নাকি রাজনীতির—সেটাই দেখার বিষয়।
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়ান এক্সপ্রেস, এনডিটিভি ও ইন্ডিয়া টুডে অবলম্বনে