এক জলিকে পথ দেখালেন আরেক জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরশাদ ওয়ারসি-অক্ষয় কুমার
আরশাদ ওয়ারসি-অক্ষয় কুমার

‘জলি এলএলবি’-এর সিকুয়্যেল ‘জলি এলএলবি টু’-তে জলির চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এর আগেরটিতে এই চরিত্রে অভিনয় করেছিলেন আরশাদ ওয়ারসি। গুঞ্জন শোনা যাচ্ছিল, আরশাদের জায়গায় এবার অক্ষয়কে নেওয়ার কারণে নাকি দুই তারকার মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। কিন্তু অক্ষয় বললেন সম্পূর্ণ ভিন্ন কথা। তিনি বলেন, ‘আরশাদ আমার খুব ভালো বন্ধু। এই ছবিতে কিভাবে অভিনয় করব সেই পথ আমাকে তিনিই দেখিয়েছেন।’
আরশাদ কেন নেই এবারের ছবিতে? এমন প্রশ্নের উত্তরে আরশাদ বলেন, পরিচালক অক্ষয়কে বেছে নিয়েছেন কারণ তিনি আরশাদের থেকে অনেক বড় তারকা। কিন্তু অক্ষয় বলেন, ‘এই ছবির প্রস্তাব পাওয়ার পর আমি আরশাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি মোটেও কোনো ছোট তারকা নন। আরশাদ আমার খুব ভালো বন্ধু। মানুষ কোথা থেকে যে এসব কথা পায়!’
এই ‘খিলাড়ি’ তারকা আরও যোগ করেন, ‘আমি আরশাদের কাছে কৃতজ্ঞ। কারণ, তিনি আমাকে পরামর্শ দিয়েছেন কিভাবে এই ছবিতে অভিনয় করতে পারি। আমার কাজ তিনি অনেকটাই সহজ করে দিয়েছেন। ‘‘জলি এলএলবি’’ তাঁর কারণেই আলোচিত হয়েছিল। আশা করি এবারের ছবিটিও ভালো হবে।’ 

‘জলি এলএলবি টু’ মুক্তি পাবে ফেব্রুয়ারিতে। এই ছবির নায়িকা হুমা কুরায়েশি। ফিল্মফেয়ার।