এক ভক্তই কিনল ৭০টি টিকিট!

গতকাল ১২ আগস্ট মুক্তি পেয়েছে হৃতিক অভিনীত আশুতোষ গোয়ারিকরের ছবি ‘মহেঞ্জোদারো’। এই ছবির মাধ্যমে দীর্ঘ দুই বছর পর রুপালী পর্দায় ফিরলেন হৃতিক রোশন। কিন্তু ছবিটির ট্রেলার অপছন্দ করেছিলেন অনেকে। কঙ্গনা রনৌত বিতর্কের পর ছবির প্রচারণা অন্য বলিউড তারকারাও হৃতিকের পাশে দাঁড়াননি। তাঁরা দাঁড়িয়েছেন অক্ষয় কুমারের ‘রুস্তম’-এর পাশে।
এর মধ্যেই এল হৃতিকের জন্য একটি শুভ সংবাদ। গতকাল সকালে ‘মহেঞ্জোদারো’র প্রথম প্রদর্শনী দেখতে হৃতিকের এক ভক্ত একাই কিনে নিয়েছিলেন ৭০টি টিকিট!
হৃতিকের এই ভক্তের নাম রাহুল রাজ। হয়তো পরিবারের সব সদস্য বা বন্ধুবান্ধবদের নিয়ে সিনেমাটি দেখবেন তিনি। প্রিয় তারকার ছবি দেখতে এমন কাণ্ড ঘটিয়ে ইতিমধ্যেই গণমাধ্যমের নজর কেড়েছেন হৃতিকের এই অন্ধ ভক্ত।
খবরটি টুইটারে প্রকাশ করেছেন হৃতিকের অন্য আরেক ভক্ত। ভক্তদের ভালোবাসা শেষমেশ হৃতিকের নতুন ছবিকে কোন পর্যায়ে নিয়ে যায় সেটাই এখন দেখার পালা। টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে।