এক যুগ পর আবার

দুজনের ক্যারিয়ার শুরু একই সঙ্গে। দেড় দশক আগে। প্রথম দুই বছরেই চারটি ছবিতে জুটি বাঁধলেন। আশ্চর্যের ব্যাপার হলো, সেই কারিনা কাপুর আর হৃতিক রোশন গত ১২ বছরে আর একসঙ্গে ছবি করেননি! এক যুগ পর আবারও দুজনকে দেখা যাবে। এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সূত্রগুলো নিশ্চিত করেছে, সঞ্জয় গুপ্তের পরবর্তী ছবিতে এক যুগ পরে জুটি বাঁধছেন কারিনা-হৃতিক।
২০০১ সালে সুভাষ ঘাইয়ের ইয়াদে–তে প্রথম জুটি বাঁধেন। সর্বশেষ দেখা গিয়েছিল ২০০৩ সালে মুক্তি পাওয়া ম্যায় প্রেম কি দিওয়ানি হুঁতে। মাঝে দেখা গিয়েছিল কাভি খুশি কাভি গম আর মুজছে দোস্তি কারোগিতে।
বর্তমানে আশুতোষ গোয়াড়িকরের মহেঞ্জো দারোর শুটিংয়ে ব্যস্ত হৃতিকের কাছেই প্রথমে গিয়েছিল প্রস্তাবটি। কমেডি-থ্রিলার ধাঁচের গল্পটা শুনেই পছন্দ হয়েছে হৃতিকের। এরপর কারিনাও তাতে সায় দিয়েছেন। আগামী বছরের জুনের আগে এমনিতে সময় বের করতে পারছিলেন না হৃতিক। তবে গল্পটা এতই পছন্দ হয়েছে, ফেব্রুয়ারিতেই নাকি কাজ শুরু করে দেবেন বলেছেন। হৃতিক এর মধ্যে বাবা রাকেশ রোশনের নতুন ছবিতেও কাজ করবেন। মুম্বাই মিরর।