একই দিনে অসিনের দুই বিয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসিন ও রাহুল শর্মা
অসিন ও রাহুল শর্মা

না, ঘাবড়াবেন না। বলিউড অভিনেত্রী অসিন দুবার বিয়ে করছেন একই বরকে। আজ সকালে একটি বিয়ে করেও ফেলেছেন। ব্যবসায়ী রাহুল শর্মাকে নয়াদিল্লির একটি হোটেলে খ্রিষ্টান রীতিতে বিয়ে করেন অসিন। সন্ধ্যায় একই জায়গায় হিন্দু রীতিতে আরও একবার বিয়ে করবেন।

অসিনের বর রাহুল শর্মা মাইক্রোম্যাক্সের সহপ্রতিষ্ঠাতা।

সকালের বিয়ের জন্য হোটেল প্রাঙ্গণে তৈরি করা হয় একটি চার্চ। সেখানেই সন্ধ্যার বিয়ের জন্য একটি মণ্ডপ হয়েছে। সকালের বিয়েতে জনা পঞ্চাশের মতো লোক ছিলেন। তাঁরা সবাই খুব কাছের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব। সন্ধ্যার বিয়েতেও তাঁরাই থাকবেন।

আগামী শনিবার মুম্বাইয়ে একটি অনুষ্ঠান থাকছে। বলিউড তারকারা নবদম্পতিকে শুভেচ্ছা জানাবেন সে অনুষ্ঠানেই।

তবে ব্যতিক্রম শুধু বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তিনি আজকের অনুষ্ঠানগুলোতে নিমন্ত্রণ পেয়েছেন। অসিন-রাহুল দুজনেরই খুব ঘনিষ্ঠ তিনি। অসিনের সঙ্গে রাহুলের পরিচয় তো তিনিই করিয়ে দিয়েছিলেন! হিন্দুস্তান টাইমস।