একই দিনে প্রপৌত্র-প্রপিতামহের ছবি মুক্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর-পৃথ্বীরাজ কাপুর
রণবীর কাপুর-পৃথ্বীরাজ কাপুর

একই দিনে মুক্তি পেতে যাচ্ছে প্রপৌত্র এবং প্রপিতামহর ছবি! বলিউডের ছবির ইতিহাসে এ এক বিরল ঘটনাই বটে। তবে এমনটিই ঘটতে যাচ্ছে রণবীর কাপুর ও তাঁর প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুর অভিনীত দুটি ছবির মুক্তির ক্ষেত্রে। ২৭ নভেম্বর মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত ‘তামাশা’ ছবিটি। আবার ঠিক একই দিনে মুক্তি পাচ্ছে পৃথ্বীরাজ কাপুরের চলচ্চিত্র ‘নানক নাম জাহাজ হ্যায়’। কিন্তু পৃথ্বীরাজ কাপুর তো গত হয়েছেন ১৯৭২ সালে। তাহলে কীভাবে এটা সম্ভব?

‘নানক নাম জাহাজ হ্যায়’ ১৯৬৯ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুপারহিট পাঞ্জাবি সিনেমা। এ ছবিতে অভিনয় করেছিলেন পৃথ্বীরাজ কাপুর, আইএস জহর প্রমুখ। এ ছবিটিকে পুনরায় মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছেন ওয়েভ সিনেমাস এবং সিমারাও এন্টারটেইনমেন্ট। ছবির দুই পরিবেশক পন্টি চাঢা ও রাজু চাঢা।
ওয়েভ সিনেমাস এর প্রধান নির্বাহী রাহুল মিত্র এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাদের চেয়ারম্যান রাজু চাঢা এ ছবি পুনরায় মুক্তি দেওয়ার ব্যাপারে ভীষণ আগ্রহী। আমরা ছবিটিকে ডিজিটাল রূপ দিয়েছি। গল্পের দিক থেকে এটি একটি অসাধারণ সিনেমা। দর্শকদের এই ছবিটি দেখা উচিত, এটি একটি চমৎকার ছবি।’
তিনি আরও জানান, পৃথ্বীরাজ কাপুরের দেশপ্রেমমূলক এই ছবিটি গোটা কাপুর পরিবারকে একসঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন তাঁরা।
রাজ কাপুর, শাম্মী কাপুর এবং শশী কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর ‘মুঘল-ই-আজম’ (১৯৬০), ‘আওয়ারা’ (১৯৫১), ‘ডাকু মঙ্গল সিং’ (১৯৬৬), ‘হির রানঝা’ (১৯৭০) সহ অসংখ্য হিট ছবিতে অভিনয় করেছেন। তাঁর চলচ্চিত্র জীবন শুরু হয়েছিল ১৯২৮ সালে। ইন্ডিয়ান এক্সপ্রেস।