একতা কাপুরকে 'না'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ’ অনুষ্ঠানে একতা কাপুর
‘টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ’ অনুষ্ঠানে একতা কাপুর

‘আমার কোনো “প্ল্যান বি” ছিল না। তাই আমার কাছে আর কোনো অপশনও ছিল না। কিন্তু কোনো চ্যানেলের কর্তৃপক্ষ আমার সঙ্গে দেখা করতে চায়নি। কেউ কেউ তো মুখের ওপর বলে দিয়েছেন, “তোমাকে কয়টা সুযোগ দেব?” এমন কথাও শুনতে হয়েছিল।’ বললেন একতা কাপুর, ভারতের হিন্দি সিরিয়ালের এ সময়ের অন্যতম সফল প্রযোজক। জানালেন, তাঁর আজকের সাফল্যের পেছনে লুকিয়ে আছে ভয়ানক ব্যর্থতার গ্লানি।

শাহরুখ খানের ‘টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ’ অনুষ্ঠানে এবারের অতিথি তিনি। নতুন এই টক শোতে এসে ছোট পর্দায় নিজের যাত্রা শুরুর গোড়ার দিকের গল্প শোনালেন বলিউড তারকা জিতেন্দ্রর মেয়ে। অনেকের মতে, একতা কাপুর এখন হিন্দি টেলিজগতের রানি। স্টার প্লাস চ্যানেলে আজ রোববার সন্ধ্যা সাড়ে সাতটা ও রাত সাড়ে ১১টায় ৫০ মিনিটের এই অনুষ্ঠানে জানা যাবে আরও অনেক কিছু।

একতা কাপুর যখন টিভির জন্য সিরিয়াল তৈরির সিদ্ধান্ত নেন, তখন বাবা জিতেন্দ্র তাঁর পাশে এসে দাঁড়ান। তাঁকে আর্থিক সহযোগিতা করেন। কিন্তু ওই সময় বন্ধুরা জিতেন্দ্রকে নিরুৎসাহিত করেছিলেন। তাঁরা বলেছিলেন, ‘তোমার কষ্টের উপার্জন মেয়ের শখের পেছনে নষ্ট করছ?’

বাবার সহযোগিতা নিয়ে একতা কাপুর গড়ে তোলেন বালাজি টেলিফিল্মস। এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তৈরি হয় ‘কিউ কি সাস ভি কভি বহু থি’, ‘কাহানি ঘর ঘর কি’, ‘কসৌটি জিন্দেগি কি’, ‘পবিত্র রিস্তা’র মতো একের পর এক জনপ্রিয় হিন্দি সিরিয়াল।

একতা কাপুরের মতে, এরপর বদলে যায় গল্পটা। ‘টেড টকস ইন্ডিয়া: নয়ি সোচ’ অনুষ্ঠানে আরও জানালেন তাঁর সাফল্যের পেছনের মূল মন্ত্র। তিনি বিশ্বাস করেন, ব্যর্থতা আসবেই। কিন্তু তাতে হতাশ হলে চলবে না।