একসঙ্গে আরবাজ খান ও সানি লিওন

প্রথমবারের মতো আরবাজ খান ও সানি লিওনকে একসঙ্গে দেখা যাবে ‘তেরা ইনতেজার’ ছবিতে। সানি লিওন বৃহস্পতিবার ছবিটির প্রথম দিনের শুটিংয়ে আরবাজ খানের সঙ্গে তোলা একটি ছবি টুইট করেন।
এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক ঘটছে রাজীব ওয়ালিয়ার। ‘মিউজিক্যাল রোমান্স’ ধাঁচের ছবিটিতে প্রথমবারের মতো একসঙ্গে সানি লিওন ও আরবাজ খান পর্দা ভাগাভাগি করবেন। সানি টুইটারে ছবি পোস্ট করে ক্যাপশন লিখেন, ‘আমাদের ছবির প্রথম দিন! আরবাজ খান।’ আরবাজ খান অবশ্য একই ছবি একটি মাইক্রো ব্লগিং সাইটে পোস্ট করেন।
শোনা যাচ্ছে, গুজরাটের ‘কুচ’ জেলার পাশাপাশি আন্তর্জাতিক বিভিন্ন জায়গাতেও ছবিটির শুটিং হবে। এর আগে সানি তাঁর পরবর্তী ছবি নিয়ে বলেছিলেন, ‘আমি খুব তাড়াতাড়ি “তেরা ইনতেজার” নামে একটি ছবি করতে যাচ্ছি। ছবিতে আরও থাকবেন আরবাজ খান। আগস্টে ছবির শুটিং শুরু হবে।’
এ বছর সানি লিওনকে ‘মাস্তিজাদে’ ও ‘ওয়ান নাইট স্ট্যান্ড’—এ ছবি দুটিতে দেখা গেছে। ‘বেইমান লাভ’ ও ‘টিনা অ্যান্ড লোলো’ নামে আরও দুটি ছবি মুক্তির প্রতীক্ষায় আছে। তা ছাড়া বলিউড বাদশা শাহরুখ খানের ‘রাইস’ ছবিতে একটি বিশেষ গানেও তাঁকে দেখা যাবে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।