একসঙ্গে নাচলেন রণবীর ও রণবীর

রণবীর কাপুর ও রণবীর সিং। ধারণা করা হয়, প্রেম-সংক্রান্ত কারণে একে-অপরের সঙ্গে এঁদের সম্পর্ক খুব একটা ভালো নয়। কারণ, কাপুর-বাড়ির পুত্রের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন এখন রণবীর সিংয়ের মনের মানুষ। তাই দুজনের মধ্যে সম্পর্কের হিসাব-নিকাশটা একটু গোলমেলে। এত দিন বলিউডে গুঞ্জন তো এমনটাই ছিল। কিন্তু গুঞ্জনে যে কান দিতে নেই, গত শনিবার রাতে সেটাই প্রমাণ করে দিলেন বলিউডের এই দুই রণবীর। সেই রাতে তাঁরা দুজন এক পার্টিতে এমন নাচানাচি করলেন, যা দেখে অনেকের চোখ ছানাবড়া।
গত শনিবার রাতে ভারতের মুম্বাইয়ে এক তারকাবহুল পার্টির আয়োজন করেছিলেন ফিল্মফেয়ার সাময়িকীর সম্পাদক জিতেশ পিল্লাই, তাঁর জন্মদিন উপলক্ষে। এতে উপস্থিত ছিলেন বলিউডের নামী তারকারা। শাবানা আজমি, শাহরুখ খান, করণ জোহর, আশুতোষ গোওয়ারিকর, বিদ্যা বালান থেকে শুরু করে আনুশকা শর্মা, সিদ্ধার্থ মালহোত্রা, আলিয়া ভাট, সোনম কাপুর, জুহি চাওলা, প্রীতি জিনতা, ফাওয়াদ খান—সবাই গভীর রাত পর্যন্ত জিতেমের জন্মদিন উদ্যাপন করেন। কিন্তু এসব তারকার জৌলুশে ভাটা পড়ে যায়, যখন রণবীর ও রণবীর তাঁদের নাচ শুরু করেন।
পার্টিতে রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোনের জনপ্রিয় ছবি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর গান ‘বাত্তামিজ দিল’ ও ‘দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড’-এর সঙ্গে প্রাণ খুলে নাচেন দীপিকার সাবেক ও বর্তমান প্রেমিকদ্বয়। আর পার্টির আরেক পাশ থেকে এই নাচ উপভোগ করেন দীপিকা নিজে। পার্টির পরদিন সেই নাচের ভিডিও ছড়িয়ে যায় ফেসবুক, টুইটারসহ বিভিন্ন সংবাদমাধ্যমেও। ভোর চারটা পর্যন্ত এই পার্টি চলে। পার্টি শেষে দীপিকা বেরিয়ে যান রণবীর সিংয়ের সঙ্গে। আর রণবীর কাপুর একা একা ফিরে যান বাড়িতে। টাইমস অব ইন্ডিয়া।