একসঙ্গে নাচলেন সালমান-অভিষেক?

কোনো মেয়ের সাবেক প্রেমিক আর বর্তমান স্বামীর মধ্যে সম্পর্কটা কেমন হওয়ার কথা? দা-কুমড়া অথবা সাপে-নেউলে। কিন্তু ঐশ্বরিয়ার সাবেক প্রেমিক সালমান খান ও স্বামী অভিষেক বচ্চনের মধ্যে সম্পর্কটা কখনোই এমন ছিল না। তাঁরা একে অপরকে এড়িয়ে চলতেন ঠিকই কিন্তু তাই বলে তাঁদের মুখ দেখাদেখিও বন্ধ ছিল না। তবে, এবার তাঁরা যা করলেন, তা খবর হওয়ার মতোই ঘটনা। বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার বিবাহোত্তর সংবর্ধনায় নাকি একসঙ্গে নেচেছেন এই দুই বলিউড তারকা। সম্প্রতি এমন খবরই ভারতের কয়েকটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে।
১৩ মে, মুম্বাইয়ে প্রীতি জিনতা ও জিন গুডএনাফের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেখানে অনেক তারকার মধ্যে আমন্ত্রণ পেয়েছিলেন সালমান ও অভিষেকও। সেদিন সালমান খানের সঙ্গী ছিলেন কথিত প্রেমিকা ইউলিয়া ভেঞ্চুর। এদিকে অভিষেক এসেছিলেন একা। কারণ, তাঁর স্ত্রী সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া তখন কান চলচ্চিত্র উৎসবে হাজির হতে ফ্রান্সে রওনা দিয়েছেন। অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় সালমানের সঙ্গে দেখা হয়ে যায় অভিষেকের। তখনই তিনি বের না হয়ে আরও কিছুক্ষণ পার্টিতে থাকেন। সালমানের সঙ্গে কিছুক্ষণ সময়ও কাটান। এমনকি তাঁরা একসঙ্গে নাচানাচিও করেন। তাঁরা নাচ শুরু করার পর তাঁদের সঙ্গে যুক্ত হন শাহরুখ খান, যুবরাজ সিং ও করণ জোহর। অতীতকে ভুলে যাওয়ার শিক্ষা বুঝি সবাইকে এবার সালমান-অভিষেকের কাছ থেকেই নিতে হবে। মুম্বাই মিরর।