এখন আনুশকাই ভরসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির প্রচারে এই ছবির অভিনয়শিল্পীরা এখন বিভিন্ন অনুষ্ঠানে ছুটছেন। সিরিয়াল ও টেলিভিশন অনুষ্ঠানগুলোতেও নির্মাতা করণ তাঁর ছবির দল নিয়ে হাজির হচ্ছেন। সিনেমাটি মুক্তি পেতে মাত্র এক মাস বাকি। আর মজার বিষয় হলো, সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস’-এর দশম কিস্তিও শুরু হতে যাচ্ছে আগামী মাসেই। ‘বিগ বস’-এর মতো জনপ্রিয় একটি টিভি অনুষ্ঠানে নিজের ছবির প্রচার তো করতেই চাইবেন করণ। কিন্তু সেই অনুষ্ঠানে গেলেও তিনি সঙ্গে করে নেবেন কাকে?
অ্যায় দিল হ্যায় মুশকিল ছবিতে অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান। সালমান-ঐশ্বরিয়ার অতীত ইতিহাস তাঁদের মধ্যে যে তিক্ততা তৈরি করেছে, তাতে তাঁরা দূর ভবিষ্যতেও একে অন্যের মুখোমুখি হবেন বলে মনে হয় না। আর রণবীর কাপুর? তাঁরও তো সালমানের সঙ্গে সম্পর্ক খুব একটা মধুর নয়। কারণ, রণবীরের সঙ্গে প্রেম হওয়ার আগে ক্যাট তো সালমানেরই প্রেমিকা ছিলেন। যদিও ক্যাট এখন রণবীরেরও সাবেক প্রেমিকা। এদিকে অ্যায় দিল হ্যায় মুশকিল ছবির আরেক অভিনেতা ফাওয়াদ খান এখন পাকিস্তানে। তাঁর স্ত্রী কিছুদিন বাদেই দ্বিতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন। এই কয়টা দিন তাই ফাওয়াদ তাঁর সন্তানসম্ভবা স্ত্রীর পাশেই থাকতে চান।
তাহলে বাকি রইলেন শুধু আনুশকা। সালমানের শেষ ছবি সুলতান-এর সহশিল্পী তিনি। এই নায়িকার সঙ্গে সাল্লুর কোনো ‘ঝামেলা’ নেই। তার মানে ছবির প্রচারে ‘বিগ বস’-এ যেতে হলে একমাত্র আনুশকাই করণকে সঙ্গ দিতে পারবেন। বলিউড লাইফ।