এখন শুধু বিয়েটা বাকি?

এ বছরের গোড়াতেই শোনা গেছে, এবার নাকি সাত পাকে বাঁধা পড়ছেন বলিউড তারকা ফারহান আখতার আর সংগীত তারকা শিবানী দান্ডেকর। বলিউডে এখন জোর গুঞ্জন, এই জুটির এক বছরের প্রেম এবার বিয়ের রূপ নিতে চলেছে। ফারহান আখতার দ্বিতীয়বার বিয়ে করছেন। এর আগে বলিউডের হেয়ার স্টাইলিশ অধুনা ভবানিকে বিয়ে করেছিলেন। ২০১৬ সালে তাঁদের ১৬ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে। মাঝে কিছুদিন শ্রদ্ধা কাপুরের সঙ্গে ফারহানের ঘনিষ্ঠতার কথা শোনা যায়। তবে শিবানী ও ফারহানের সম্পর্ক বেশ গভীর। আর নিজেদের সম্পর্ক নিয়ে তাঁরা খুব সিরিয়াস।
এদিকে শোনা গেছে, ফারহানের দুই কন্যা সাক্ষ্য ও আকিরা নাকি শিবানীকে খুব পছন্দ করে। তাহলে আর বাধা কোথায়! এবার ফারহান-শিবানীর পরবর্তী কদম যে বিয়ে, তা বলার অপেক্ষা রাখে না। ফারহান প্রায়ই ইনস্টাগ্রামে তাঁর সঙ্গে শিবানীর ছবি পোস্ট করেন।
এখন শোনা যাচ্ছে, ফারহান আখতার আর শিবানী দান্ডেকরের নাকি বাগদান হয়ে গেছে। তা নয়তো কী! ফারহান আখতার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে একজন আরেক জনের হাত ধরে আছেন। তাঁদের দু’জনের আঙুলে রয়েছে আংটি। সঙ্গে লিখেছেন, ‘হাত ধরে থাকার মধ্যে একটা বাস্তবতা আছে। এত জটিলতার মধ্যে একটা সারল্য আছে। খুব সামান্য এটুকু দিয়েই অনেক অজানা কথা বলা হয়ে যায়।’ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত প্রায় দেড় লাখ লাইক পেয়েছে এই পোস্ট।
ছবিটি দেখে অনেকেই ধারণা করছেন, শিগগিরই এই জুটি বিয়ের তারিখ ঘোষণা করবেন। একজন ভক্ত তো মন্তব্য করেছেন, ‘তবে কী সব স্থির হয়ে গেল?’ এর আগে আগে সাংবাদিকদের শিবানী বলেছেন, ‘আমি কিছু গোপন রাখতে চাই না। কিন্তু সবাইকে এই কথা বলার মতোও কিছু নয়। ডেট করলে সেটা ঘোষণা করতে হবে? ব্যক্তিগত জীবনের কোনো তথ্য কখন শেয়ার করব, সেটা আমি ঠিক করব।’

ফারহান আখতার আর শিবানী দান্ডেকর মাঝে মাঝেই নিজেদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম বা টুইটারে পোস্ট করেন। এই রোমান্টিক জুটির ভালোবাসার ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ধরা পড়ে। সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার না করলেও হিন্দুস্থান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে শিবানী দান্ডেকর বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া আমাদের পোস্ট থেকেই সম্পর্কের অবস্থান যথেষ্ট স্পষ্ট।’
ঠিক তাই, দেশের বাইরে নির্জন সমুদ্র সৈকতে ছুটি কাটানো, মুম্বাইয়ে রেস্তোরাঁয় একসঙ্গে রাতের খাবার খাওয়া, বিদেশের রাস্তায় একজন আরেকজনের হাত ধরে ঘুরে বেড়ানোর ছবি ইনস্টাগ্রাম বা টুইটারে পোস্ট করেছেন তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে কোনো লুকোচুরি করেননি। তাহলে এখন শুধু বিয়েটা বাকি?