এখন সময় অদিতির

অদিতি রাও হায়দারির বলিউড অভিষেক হয়েছিল সাদামাটা। ২০০৯ সালে ‘ইয়ে সালি জিন্দেগি’ দিয়ে। কিন্তু ধীরে ধীরে নিজের অভিনয়ের ঝুলিতে যোগ করেছেন ‘দিল্লি-৬’, ‘রকস্টার’, ‘মার্ডার ৩’, ‘ওয়াজির’সহ বেশ কয়েকটি ছবি। এখন মণিরত্নমের তামিল ছবি ‘কাতরু ভালাইদাই’র মূল চরিত্রে অভিনয় করছেন।
কিন্তু মণিরত্নমের মতো পরিচালকের নায়িকা হয়েই সন্তুষ্ট থাকতে চান না অদিতি। চলচ্চিত্র নির্মাণের কিছু তরিকাও মণিরত্নমের কাছ থেকে শিখে নিতে চান।
এরই মধ্যে এই ছবির সহকারী পরিচালকদের দলে ভিড়ে গেছেন অদিতি।
মণিরত্নমের ছবির শুটিং শেষ করার পর অদিতির জন্য অপেক্ষা করছে আরও দুই বড় নির্মাতার বড় দুটি ছবি—সুধীর মিশ্রের ‘অউর দেবদাস’ ও সঞ্জয় লীলা ভানসালির ‘পদ্মাবতী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অউর দেবদাস’ ছবিতে অদিতি করবেন চন্দ্রমুখীর চরিত্রটি। ‘পদ্মাবতী’তে তিনি আলাউদ্দিন খিলজির (রণবীর সিং অভিনয় করবেন এই চরিত্রে) স্ত্রী কমলা দেবী। বলিউড হাঙ্গামা।