এখনো জ্ঞান ফেরেনি সেই তারকার!
বাইক দুর্ঘটনায় গুরুতর আহত দক্ষিণি জনপ্রিয় তারকা সাই ধরম তেজের জ্ঞান এখনো ফেরেনি। ১০ সেপ্টেম্বর হায়দরাবাদের কেবল ব্রিজ এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারান এই অভিনেতা। সে সময় স্থানীয় পুলিশ বলেছিল, মাত্রাতিরিক্ত গতিতে স্পোর্টস বাইক চালাতে গিয়েই দুর্ঘটনার শিকার হন এ অভিনেতা। আজ সোমবার তাঁর চাচার বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।
সেদিন হায়দরাবাদের দুর্গমচেরুভু ব্রিজের ওপর দুর্ঘটনায় সাই ধরম তেজের হেলমেট উড়ে যায়। ডান চোখ, বুক ও পেটে আঘাত পান তিনি।
দুর্ঘটনাস্থলেই জ্ঞান হারিয়েছিলেন সাই ধরম। দ্রুত তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। দুর্ঘটনার খবর পেয়ে সাইকে দেখতে হাসপাতালে ছুটে যান দক্ষিণি তারকা চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণ।
হাসপাতালের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, জখম গভীর, তবে তাঁর মস্তিষ্ক, মেরুদণ্ড অথবা অন্য কোনো গুরুত্বপূর্ণ অঙ্গের ক্ষতি হয়নি। কলার বোনে চিড় ধরেছে এবং বেশ কিছু সফট টিস্যু জখম হয়েছে। আপাতত অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই।
এরপর থেকে এ নিয়ে বেশ কিছুদিন কোনো খবর পাওয়া যায়নি। তবে আজ সবাইকে চমকে দিয়ে সাইয়ের চাচা জনপ্রিয় দক্ষিণি অভিনেতা পবন কল্যাণ জানান যে দুর্ঘটনার পর থেকে এখনো পর্যন্ত কোমাতেই রয়েছেন সাই। সেদিনের পর থেকে আর চোখও খোলেননি সাই ধরম!
পবন কল্যাণ আরও দাবি করেন, সেদিন তাঁর ভাতিজার বাইকের গতি মাত্রাতিরিক্ত ছিল না, মাত্র ৪৫ কিলোমিটার বেগে চলছিল তাঁর স্পোর্টস বাইক। জানা গেছে, বেশ কয়েকটি দামি গাড়ি থাকলেও তরুণ এ অভিনেতা বাইক চালাতেই বেশি ভালোবাসেন। প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়েন হায়দরাবাদের রাস্তায়।
আগামী ১ অক্টোবর সাই ধরম তেজ অভিনীত ‘রিপাবলিক’ ছবিটি মুক্তি পাবে।