এখনো ফুরিয়ে যাননি রেখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেখা
রেখা

জীবনে এ পর্যন্ত অসংখ্য পুরস্কার হাতে নিয়েছেন ভারতের চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী রেখা। সর্বশেষ এই জানুয়ারির ২৫ তারিখে যশ চোপড়া স্মৃতি পুরস্কার পেয়েছেন বলিউডের এই তারকা অভিনেত্রী। পুরস্কার হাতে নিয়ে রেখা জানিয়েছেন, এখনো ফুরিয়ে যাননি তিনি।

পুরস্কার হাতে মঞ্চে দাঁড়িয়ে রেখা বলেছেন, ‘আমি এই পুরস্কারটি গ্রহণ করছি কেবল পুরস্কার বা স্বীকৃতি হিসেবেই নয়। এ আমার জন্য একটি মনে করিয়ে দেওয়ার স্মারক যে এখনো পর্দা নামেনি।’

রেখা বলেন, ‘আরও অনেক ভালো কিছু নিকট ভবিষ্যতে অপেক্ষা করছে। অতীতে যা কিছু ভালো করেছি তার চেয়েও ভালো, ভালোর চেয়েও ভালো আর যা সবচেয়ে সেরা।’

যশ চোপড়া প্রসঙ্গে রেখা বলেন, তাঁর সম্পর্কে বলতে গেলে ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে। তিনি বলেন, ‘তাঁর সম্পর্কে আমি আর কী বলব!

আমি স্পষ্ট করে বলতে চাই যে তিনিই আমাকে ভালোবাসতে শিখিয়েছিলেন। শুধু তাঁর ছবি দেখেই নয়, তিনি আমাকে শিখিয়েছিলেন—এটাই ভালোবাসা। শুধু বলে কিংবা দেখে নয়, বরং ভালোবাসা এমন এক অনুভূতি, যা অদৃশ্য। প্রতিটি মানুষ যেভাবে উপলব্ধি করে। আর যশ চোপড়া আমাকে তা শিখিয়েছিলেন। এভাবেই ভালোবাসতে হয়।’


বলিউডের তারকা অভিনেত্রী রেখা সচরাচর সেরা অভিনেতা কিংবা সেরা অভিনেত্রীর পুরস্কার দিতেই মঞ্চে ওঠেন। কিন্তু যশ চোপড়া স্মৃতি পুরস্কার হাতে নেওয়ার পর রেখা বলেন, ‘আমি যা সব সময়েই মেনে চলার চেষ্টা করেছি তা হলো, আমার কাছে নেওয়া গুরুত্বপূর্ণ নয়; গুরুত্বপূর্ণ হচ্ছে দেওয়া। নেওয়ার চেয়ে আমি দিতেই চাই। আর এটাই আমার কাছে ভালোবাসার গূঢ় অর্থ। ইন্দো-এশিয়ান নিউজ।