এখনো বাসন্তী!

‘শোলে’ ছবিটি নিশ্চয়ই দেখেছেন? বাসন্তীকে মনে আছে নিশ্চয়ই? হেমা মালিনি অভিনয় করেছিলেন বাসন্তী চরিত্রে। সেই হেমাকে এখনো নাকি অনেকেই ‘বাসন্তী’ বলে ডাকেন।
হেমা বলেন, শোলে ছবিতে অভিনয় করতে পেরে তিনি গর্বিত। ছবিতে তার নাম ছিল বাসন্তী। এখনো যখন কেউ তাঁকে ওই বাসন্তী বলে ডাকে তখন স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি।

শোলে ছবিতে হেমা মালিনি ছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, সঞ্জীব কুমার, আমজাদ খান ও ধর্মেন্দ্র। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পেয়েছিল ছবিটি। সেই হিসেবে চার দশক পূর্ণ হয়েছে শোলের।
শোলের সেই ‘ড্রিমগার্ল হেমা’ বাসন্তীর বয়স এখন ৬৬। অভিনয়ের পাশাপাশি রাজনীতিতে এসেছেন। কিন্তু সেই বাসন্তী পরিচয় এখনো যে ভুলে যেতে পারেননি তিনি!
গ্রামের বাচাল সেই মেয়েটির চরিত্রে যে দুর্দান্ত অভিনয় করেছিলেন সে কথা মনে করে টুইটে হেমা লিখেছেন, ‘চল্লিশ পার করে এখনো শোলে চলছে। এই আইকনিক ছবির অংশ হতে পেরে অত্যন্ত গর্বিত। এখনো মানুষ আমাকে বাসন্তী বলে আর আমি সেই পুরোনো অতীতে হারিয়ে যায়।’ ((পিটিআই)