এখনো ভুলের মাশুল গুনছেন

গত বছর ভারতের লোকসভা নির্বাচনের পর তৃণমূলের সাংসদ ও অভিনেতা তাপস পাল বিরোধীদলীয় নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করে ভারতজুড়ে সমালোচনার মুখে পড়েন। দাবি ওঠে সংসদ থেকে তাঁকে পদত্যাগ করার। নানাভাবে তাঁর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। তিনি একরকম অবরুদ্ধ হয়ে পড়েন বাড়িতে। এর পরই তাপস পাল লোকচক্ষুর অন্তরালে চলে যান।
সেই ভুলের মাশুল এখনো গুনে যাচ্ছেন তাপস পাল। এবার এ অভিনেতা বাদ পড়লেন মহানায়ক উত্তমকুমারের স্মৃতিধন্য ‘শিল্পী সংসদ’-এর নির্বাহী কমিটি থেকে। এই সংগঠনের সহসভাপতি ছিলেন তিনি। গত বছরের ডিসেম্বর মাসে শিল্পী সংসদের বার্ষিক সাধারণ সভায়ও যোগ দেননি তাপস পাল। তাপস পালকে কেন বাদ দেওয়া হয়েছে, সে প্রশ্নের জবাব কর্মকর্তারা দেননি। তবে গুঞ্জনে এটাই শোনা যাচ্ছে, তাপস পালের বাদ পড়ার কারণ তাঁর সেই বেফাঁস মন্তব্য। গত বছর তিনি পশ্চিমবঙ্গের নদীয়ার চৌমাহা গ্রামে দলীয় এক সমাবেশে বিরোধীদলীয় নারীদের সম্পর্কে অশালীন মন্তব্য করেন। বিতর্কের শুরু সেখান থেকেই। এ ঘটনার জেরে বিভিন্ন যাত্রা কোম্পানিও গত বছর তাপস পালকে তাদের দলে অন্তর্ভুক্ত করেনি।