এজেন্টের কল্যাণে বলিউড তারকাদের হলিউড জয়!

বলিউডের অনেক নামী তারকারা যখন হলিউডে নাম লেখানো নিয়ে ব্যস্ত, তখন অভিনেতা নওয়াজ উদ্দিন সিদ্দিকি হাঁটছেন ভিন্ন পথে। হলিউড প্রসঙ্গে নিজের অনীহা তো দেখালেনই, সেই সঙ্গে এ সময়ে হলিউডে বদলি হওয়া বলিউড তারকাদেরও একহাত নিলেন এই ‘মাঝি’ অভিনেতা। বললেন, বলিউড তারকাদের হলিউডে প্রতিষ্ঠার পেছনে একজন ভালো এজেন্টের অবদান অনেক। এতে অভিনয় মেধার প্রয়োজন হয় না।
আজ ১১ মে থেকে শুরু হচ্ছে ৬৯তম কান চলচ্চিত্র উৎসব। ২২ মে পর্যন্ত চলা এই উৎসবের একটি অংশে প্রদর্শিত হবে নওয়াজ অভিনীত অনুরাগ কাশ্যপের নতুন ছবি ‘রমণ রাঘব ২.০’। এ নিয়ে কান চলচ্চিত্র উৎসবে নওয়াজের ১১টি ছবি প্রদর্শিত হলো। আন্তর্জাতিক এই উৎসবে নওয়াজের ছবির প্রদর্শনী কি তাঁর হলিউডে প্রতিষ্ঠার বিষয়টিকে পোক্ত করছে—এক সাংবাদিক এমন প্রশ্ন করলে নওয়াজ তাঁর হলিউডভাবনা স্পষ্ট করেন। তিনি বলেন, ‘ইদানীং হলিউডে কাজ করাকে সবাই এত কেন গুরুত্ব দিচ্ছে বুঝি না। সাদাকালো ছবির যুগ থেকে ভারতের অভিনয়শিল্পীরা সেখানে অভিনয় করে আসছেন। ওম পুরি, কবির বেদীসহ অনেক গুণী শিল্পী সেখানে অভিনয়ের জন্য প্রশংসিতও হয়েছেন। কিন্তু তখন এসব নিয়ে এতো হুল্লোড় হতো না। আর এখন হলিউডের কোনো ছবিতে অভিনয় নয়, তাতে নাম লেখানোর সময় থেকেই শুরু হয় আলোচনা। আমাদের এটা বুঝতে হবে, শিল্পীদের মেধা নয়, তাঁদের হলিউডের এজেন্টের কাজের কারণে তাঁরা সেখানে ছবি পেয়েছে। শিল্পীরা বছরের পর বছর এজেন্ট নিয়োগ দিয়ে কাজ করানোর পর একটা সুযোগ পায় হলিউডে। আমি এখনো হলিউডে কোনো এজেন্ট নিয়োগ দিইনি। তাই সেখানে কাজ পাওয়ার সম্ভাবনা আমার কম। আমি শুধু চাই আন্তর্জাতিক উৎসবে সবার প্রশংসা পাওয়া আমার ছবিগুলো যেন বলিউডের বক্স অফিসেও সফল হয়। আমাদের জন্য এটাই সবচেয়ে জরুরি। কারণ, শুধু উৎসবের জন্য ছবি বানানো হলে তা একজন প্রযোজকের সঙ্গে প্রতারণা করা হয় বলে মনে হয়।’
সূত্র: ফার্স্ট পোস্ট।