এডি মারফিকে মেরে ফেললেন ঋষি কাপুর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এই মুহূর্তে শোকগ্রস্থ হলিউড অভিনেতা এডি মারফি। তাঁর বড় ভাই প্রখ্যাত কৌতুকাভিনেতা চার্লি মারফি গত ১২ এপ্রিল মারা যান হন। চার্লির বয়স হয়েছিল ৫৭ বছর। বিশ্বের বিভিন্ন নামী অভিনয়শিল্পী ও চলচ্চিত্র নির্মাতারা চার্লির মৃত্যুতে শোক জানিয়েছেন। ভারতীয় অভিনেতা ঋষি কাপুরও সেই শোকমিছিলে সামিল হতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা করতে গিয়ে ঘটিয়ে ফেললেন এক হাস্যকর ঘটনা। চার্লির মৃত্যুতে শোক প্রকাশ করতে গিয়ে তিনি মেরে ফেললেন এ হলিউড অভিনেতার তারকা ভাই এডি মারফিকে।

টুইটারে চার্লির উদ্দেশে টুইট করে ঋষি কাপুর শোক প্রকাশ করতে চেয়েছিলেন। টুইটে তিনি লিখেছিলেন, ‘আপনার আত্মা শান্তিতে থাকুক। অসাধারণ একজন অভিনেতা ছিলেন আপনি। আপনাকে মিস করব।’ আবেগী এই কথাগুলো পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু এই টুইটের সঙ্গে যখন ঋষি জুড়ে দিলেন এডি মারফির ছবি, তখনই ঘটলো হুলুস্থুল কাণ্ড। যদিও কিছুক্ষণের মধ্যেই ভুল বুঝতে পেরে সেই টুইট মুছে ফেলেন ঋষি কাপুর। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় মুহূর্তেই ছড়িয়ে পড়ে ঋষির সেই ভুল টুইটের স্ক্রিনশট। তিনি হয়ে ওঠেন সামাজিক যোগাযোগমাধ্যমে হাসির পাত্র।
উল্লেখ্য গত ১২ এপ্রিল লিউকেমিয়ায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান চার্লি মারফি। স্কুপহুপ।