এত সতর্কতার পরও আক্রান্ত মামুট্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুট্টি ‘সিবিআই ফাইভ’ ছবির জন্য শুটিং করছিলেন

যথেষ্ট সতর্ক ছিলেন মামুট্টি। তারপরও করোনাভাইরাসে আক্রান্ত হলেন দক্ষিণ ভারতের এই তারকা। বড় রকমের সমস্যা না থাকলেও তাঁর জ্বর আছে। রোববার করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি।

মামুট্টি এখন তাঁর নিজের বাড়িতে কোয়ারেন্টিনে আছেন। বয়স ৭০ বছর। করোনায় আক্রান্ত হলেও তিনি খারাপ বোধ করছেন না। টুইটারে তিনি লিখেছেন, ‘সব রকম সতর্কতা মেনেও গতকাল কোভিডে আক্রান্ত হয়েছি। হালকা জ্বর ছাড়া এমনিতে ভালোই আছি। চিকিৎসকদের পরামর্শ মেনে নিজেকে আইসোলেশনে রেখেছি। সবার নিরাপত্তা কামনা করি। সব সময় মাস্ক পরুন, ভালো থাকুন।’

উত্তরে ভক্তরাও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকে তাঁর জন্য প্রার্থনা করেছেন। এক ভক্ত তাঁকে এ সময়টা ঘরে বসে বই পড়ার পরামর্শ দিয়েছেন।

পিটিআই জানিয়েছে, মামুট্টি ‘সিবিআই ফাইভ’ ছবির শুটিং করছিলেন। তখনই তিনি হঠাৎ করোনায় আক্রান্ত হলেন। বয়স্ক এই অভিনেতাকে শেষ দেখা গেছে রাজনৈতিক সিনেমা ‘ওয়ান’-এ। সন্তোশ বিশ্বনাথ পরিচালিত এ ছবিতে তিনি কেরালার মুখ্যমন্ত্রীর চরিত্রে অভিনয় করেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল তেলেগু ‘যাত্রা’ ছবিতে অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রীর চরিত্রে। ১৯৯৭ সালে তামিল ছবি ‘মাক্কাল আটচি’ ছবিতেও তাঁকে দেখা গিয়েছিল একজন মুখ্যমন্ত্রীর চরিত্রে।

মামুট্টির হাতে এখন অনেকগুলো ছবি

মামুট্টির হাতে এখন অনেকগুলো ছবি। সেসবের মধ্যে ‘বিস্ম পারভাম’, ‘পুঝু’, ‘নানপাকার নেরাথু মায়াক্কাম’ উল্লেখযোগ্য।