এতিমখানায় দিয়েছিলেন বাবা, তাঁকে বলা হয় বলিউড ট্র্যাজেডি কুইন

মীনা কুমারী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভাবের সংসার! প্রথম মেয়ের পর জন্ম নিল দ্বিতীয় সন্তান। টানাপোড়নের সংসারে আরেক সন্তানের খরচ কীভাবে চালাবেন আলী বক্স। তাই জন্মের সাত দিনের মাথায় তিনি তাকে রেখে আসেন এতিমখানায়। যদিও কিছুদিন পর আলী বক্সের মায়া হলে তাকে নিয়ে আসেন। সেই দুর্ভাগা সন্তানটি আর কেউ নন, বলিউড ট্র্যাজেডি কুইন মীনা কুমারী।
পরিণত বয়সে গোপনে পরিচালক কমল আমরোহীকে বিয়ে করেছিলেন মীনা কুমারী। তাঁদের দাম্পত্য জীবনেও ছিল নানা চড়াই-উতরাই। একটা সময় আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে কমল আমরোহী-মীনা কুমারীর দাম্পত্যজীবনের।

মীনা কুমারী

ব্যক্তিজীবনের এই উত্থান-পতন থেকে তিনি হতাশায় নিমজ্জিত হতে থাকেন। আর হতাশা থেকে মাদকের নেশায় ডুবিয়ে দিতে চাইলেন নিজেকে। হতাশা বাড়তে থাকে আর তিনিও আপন করতে থাকেন মাদককে।

অতিরিক্ত মদ্যপানের কারণে তিনি আক্রান্ত হন লিভার সিরোসিসে। অসুস্থ অবস্থায়ও তিনি চালিয়ে যান তাঁর শেষ সিনেমা ‘পাকিজা’র শুটিং। অক্লান্ত পরিশ্রমের পর সিনেমা ‘পাকিজা’ শেষমেশ মুক্তি পায় ১৯৭২ সালে। সিনেমা মুক্তির তিন সপ্তাহ পর মাত্র ৩৯ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। ৫০ বছর আগে ১৯৭২ সালের আজকের এই দিনে পরপারে পাড়ি জমান প্রায় ৯০টি সিনেমায় অভিনয় করা এই বলিউড ট্র্যাজেডি কুইন।

মীনা কুমারী

মাত্র সাত বছর বয়সে নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও লাইট-ক্যামেরা-অ্যাকশনের সঙ্গে পরিচিত হতে হয় তাকে। সেদিন ছোট্ট এই শিশুকে চোখধাঁধানো আলোর দুনিয়ায় দাঁড়াতে হয়েছিল বাবার ইচ্ছা এবং মায়ের জোরাজুরিতে। বিজয় ভট্টের ‘লেদারফেস’ সিনেমা দিয়ে তাঁর অভিনয়ের যাত্রা শুরু। সবার মতো তাঁর ইচ্ছা ছিল বই-খাতা নিয়ে স্কুলে যাওয়ার। কিন্তু বই-খাতা নিয়ে যেতেন ঠিকই, কিন্তু স্কুলের পরিবর্তে শুটিং স্পটে। ট্র্যাজেডি দিয়ে শুরু হওয়া জীবনে দুঃখ–দুর্দশা কখনো তাঁর পিছু ছাড়েনি।

মীনা কুমারীর কবিসত্তার কথা অনেকেরই অজানা। কেননা, তাঁর অভিনয়সত্তা আড়াল করে দিয়েছে কবিসত্তাকে। সিনেমার বাইরেও তিনি ছিলেন প্রেমে-অপ্রেমে নিঃসঙ্গতার কবি। প্রেমানুভূতি থাকলেও শুধু প্রেম নয়, জীবন ও মৃত্যুভাবনা উঠে এসেছে তাঁর শায়েরিতে।

মীনা কুমারী

গজল, নজম ও লিখেছেন তিনি। আর তা গাইতেন নিজেই এবং তাঁর কণ্ঠস্বরও ছিল মধুময়। তাঁর লেখা শায়েরি, চান্দ তানহা হ্যায় আসমান তানহা / দিল মিলা হ্যায় কাহা কাহা তানহা / জিন্দেগি কেয়া ইসি কো কেহতে হ্যায় / জিসম তানহা হ্যায় অওর জান তানহা / ছোড় যায়েঙ্গে ইয়ে জাঁহা তানহা। কমল অরোহির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর লিখেছিলেন, ‘তালাক তো দে রহে হো নজরে কেহর কে সাথ/ জওয়ানি ভি মেরা লৌটা দো মেহর কে সাথ’।

মীনা কুমারীর অভিনয় সবাইকে মুগ্ধ করত, এতে কোনো সন্দেহ নেই। তাঁর কণ্ঠস্বরের প্রশংসা করেছিলেন বিখ্যাত নায়িকা মধুবালা।

একটি চলচ্চিত্রের দৃশ্যে

দীলিপ কুমার নাকি তাঁর সঙ্গে কাজ করতে গেলে মুগ্ধতাবশত ডায়ালগ ভুলে যেতেন। ক্যারিয়ারে যশ-খ্যাতি, সম্পদ অর্জন করলেও অর্জন করতে পারেনি নিজের কোনো মনের মানুষ। নিজের রচিত শায়েরির মতো ব্যক্তিজীবনেও বয়ে বেড়িয়েছেন নিঃসঙ্গতাকে। কিন্তু জায়গা করে নিয়েছিলেন দর্শকের মনে। ১৯৩৩ সালে দরিদ্রতার মধ্যে জন্ম নেওয়া অভিনেত্রী মৃত্যুর সময়ও ছিলেন ঋণগ্রস্ত। সিনেমার জগতের ট্র্যাজেডি তাঁর অভিনয়ের মাধ্যমে সুন্দর করে দর্শকের সামনে তুলে ধরতেন। কিন্তু ক্যামেরার পেছনে নিজের বাস্তব জগতের ট্র্যাজেডির কাছে হার মানতে বাধ্য হন তিনি।