এবার অনিশ্চয়তায় শ্রীদেবীর ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীদেবী
শ্রীদেবী

ভারত-পাকিস্তান সাম্প্রতিক দ্বন্দ্বের জেরে এবার বলিউড অভিনেত্রী শ্রীদেবীর ছবিও অনিশ্চয়তায় পড়ল। শুটিং প্রায় শেষ হতে চলা ‘মম’ ছবিটিতে দুজন পাকিস্তানি অভিনয়শিল্পী গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইংলিশ ভিংলিশ’-এর পর ‘মম’ শ্রীদেবীর পরবর্তী বলিউড ছবি। পাকিস্তানের দুই টেলিভিশন তারকা আদনান সিদ্দিকী ও সাজল আলী এই ছবিতে শ্রীদেবীর স্বামী ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন।

শ্রীদেবীর স্বামী বনি কাপুর প্রযোজিত ‘মম’ ছবিটির অনেকটুকু শুটিং হয়ে গেছে জর্জিয়ায়। বাকি শুটিংয়ের কাজ খুব শিগগির ভারতের মুম্বাইয়ে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ছবির শুটিং আর হচ্ছে না। শিল্পীদের বলা হচ্ছে, পরে আবার শুটিংয়ের দিনক্ষণ জানিয়ে দেওয়া হবে।

এদিকে বনি কাপুর বলেছেন, ছবিটির খুব বেশি কাজ বাকি নেই। কিছুদিন কাজ করলেই হবে। তবে ছবি মুক্তির সম্ভাব্য কোনো তারিখ তিনি বলেননি। বলিউড হাঙ্গামা অবলম্বনে