এবার আমির-শাহরুখ একসঙ্গে!

এ মাসের শুরুর দিকেই স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডের মঞ্চ মাতিয়েছেন বলিউডের দুই ‘বড় খান’। শাহরুখ ও সালমান সেদিন একসঙ্গে অনুষ্ঠান উপস্থাপনা করেন। হাতে হাত রেখে মঞ্চে প্রবেশ করেন দুজন। এ মাসেই আরেকটি অনুষ্ঠান শাহরুখ খান উপস্থাপনা করবেন বলে শোনা যাচ্ছে। আর সেই অনুষ্ঠানে মঞ্চে থাকবেন বলিউডের শীর্ষ খানদের একজন, আমির খান।
১৭ ডিসেম্বর হিন্দি সিনেমায় নারীর ভূমিকা উদ্যাপনের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করার দায়িত্ব বর্তেছে শাহরুখ খানের ওপর। একই অনুষ্ঠানে বিশেষ একটি অংশে মঞ্চে থাকবেন আমির খান। আমির খানের তাঁর আসন্ন ছবি ‘দঙ্গল’-এর একটি গানের উদ্বোধন করার কথা রয়েছে সেই অনুষ্ঠানে।
একটি সূত্র জানায়, ‘দঙ্গল’-এর এই গানটি নাকি আমির খানের ১৯ বছর আগের ‘গুলাম’ ছবির সুপারহিট গান ‘আতি কা খান্ডালা’ গানের র্যাপ সংস্করণ। আমির অবশ্য এ খবর উড়িয়ে দিয়ে বলেছেন, এটি তাঁর ছবির গান নয়। এই অনুষ্ঠানের জন্যই বিশেষভাবে গানটি তৈরি করা হয়েছে।
শাহরুখ আর আমিরের মধ্যে সম্পর্কটা যে অনেক দিন ধরেই শীতল ছিল এটা তো আর অজানা নয়। ইদানীং অবশ্য তাঁদের সম্পর্ক কিছুটা স্বাভাবিক পর্যায়ে এসেছে। হোক তা লোক দেখানো, তবুও মুখ দেখাদেখি তো আর বন্ধ করে রাখেননি। বলিউড হাঙ্গামা।