এবার এইট প্যাক শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহরুখ খান, ছবি: টুইটার
শাহরুখ খান, ছবি: টুইটার

‘ওম শান্তি ওম’ ছবির ‘দরদ এ ডিসকো’ গানে শাহরুখ খানের সিক্স প্যাকে মুগ্ধ হয়েছিলেন অগণিত দর্শক। এবার ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবিতে শাহরুখের এইট প্যাক দেখার সুযোগ পেতে যাচ্ছেন তাঁর ভক্ত-দর্শকেরা। ২৪ অক্টোবর মুক্তি পাবে ‘হ্যাপি নিউ ইয়ার’। তবে শাহরুখের এইট প্যাক দেখতে এতদিন অপেক্ষা করতে হবে না দর্শকদের। আজ ভোরে শাহরুখ তাঁর টুইটার অ্যাকাউন্টে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন।
বরাবরই শাহরুখ তাঁর ছবিতে দর্শদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করেন। ২০০৭ সালে মুক্তি পাওয়া ফারাহ খানের ‘ওম শান্তি ওম’ ছবির জন্য কঠোর অনুশীলনের মাধ্যমে নিজের শারীরিক অবয়বে ব্যাপক পরিবর্তন আনেন কিং খান। ছবি মুক্তির পর শাহরুখের সিক্স প্যাক দারুণ প্রশংসিত হয় দর্শকমহলে। এবার ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য আরেক ধাপ এগিয়ে গেলেন ‘বলিউড বাদশাহ’। সিক্স প্যাকের জায়গায় এবার এইট প্যাকে দেখা যাবে শাহরুখকে। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।
শাহরুখ আজ ভোর ৪টা ২০ মিনিটে নিজের এইট প্যাকের ছবি পোস্ট করেছেন তাঁর টুইটার অ্যাকাউন্টে। পাশাপাশি এক বার্তায় তিনি লিখেছেন, ‘এই ছবিটি তুলেছেন ডাবু রত্নানি। ধন্যবাদ আমার বন্ধু। আরও ধন্যবাদ অভি গোয়ারিকরকে। এখন থেকে ফারাহ আর আমাকে নিয়ে ফায়দা লোটার সুযোগ পাবে না।’
এদিকে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির জন্য মুম্বাইয়ের একটি স্টুডিওতে ফটোসেশনে অংশ নেন শাহরুখ। তিনি ফটোসেশনের সময় দারুণ আবেদনময় ভঙ্গিতে ক্যামেরার সামনে দাঁড়ান।
সূত্রটি আরও জানায়, ব্যক্তিগত প্রশিক্ষকের তত্ত্বাবধানে নিয়মিত শরীরচর্চার মাধ্যমে দারুণ পেশিবহুল শরীর বানিয়েছেন শাহরুখ। এজন্য তাঁকে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে। শাহরুখের নতুন এই রূপ নিঃসন্দেহে তাঁর ভক্ত ও দর্শকেরা অনেক পছন্দ করবেন।
ফারাহ খান পরিচালিত ‘হ্যাপি নিউ ইয়ার’ ছবির প্রযোজক শাহরুখপত্নী গৌরী খান। গৌরী ও শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির পরিবেশক সংস্থা যশ রাজ ফিল্মস। ছবির বিভিন্ন চরিত্রে রয়েছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, বোমান ইরানি, সনু সুদ, জ্যাকি শ্রফ, ভিভান শাহ প্রমুখ। দিওয়ালি মৌসুমকে সামনে রেখে ‘হ্যাপি নিউ ইয়ার’ মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর।