এবার কারিনার রোমান্স সুমিতের সঙ্গে?

কারিনা কার সঙ্গে রোমান্স করবেন—এ নিয়ে নানান খবর বলিউডে। তবে এই মুহূর্তে ঘুরে ফিরে একজনের নামই আসছে, তিনি হলেন সুমিত ভ্যাস। ওয়েব সিরিজ ‘পারমানেন্ট রুমমেটস’ খ্যাত অভিনেতা সুমিতের সঙ্গে বেবোর রোমান্সের সম্ভাবনা প্রবল।
কারিনার আগামী ছবি ‘ভিরে দ্য ওয়েডিং’-এ সম্ভবত তাঁকেই দেখা যাবে। তৈমুরের জন্মের পর রিয়া কাপুরের ‘ভিরে দ্য ওয়েডিং’ হবে কারিনা কাপুর খানের বলিউডে প্রত্যাবর্তনের প্রথম ছবি। তাই এই ছবিটির জন্য নিজেকে প্রস্তুত করছেন বলিউড সুন্দরী। গর্ভাবস্থার পর তিনি ইতিমধ্যেই আঠারো কেজি ওজন ঝরিয়ে ফেলেছেন।
রিয়া কাপুরের নারীকেন্দ্রিক এ ছবিটিতে দেখা যাবে কারিনা কাপুর খান, সোনম কাপুর, স্বওয়ারা ভাস্কর এবং শিখা তলসানিয়াকে। এই প্রথম কারিনা ও সোনম—এ দুই বলিউড সুন্দরীকে একই ছবিতে দেখা যাবে। ‘ভিরে দ্য ওয়েডিং’ ছবিতে চারটি ভিন্ন ধারার মেয়ের গল্প বলা হয়েছে। সেখানে কারিনাকে প্রগতিশীল নারীর চরিত্রে দেখা যাবে। আর সোনম কাপুর এই ছবিতে দিল্লির মধ্যবিত্ত পরিবারের মেয়ের ভূমিকায় অভিনয় করবেন। পুরুষ চরিত্র সম্পর্কে এখনো বিশেষ কিছু জানা যায়নি। তবে কানাঘুষা শোনা যাচ্ছে, বেবোর পুরুষ বন্ধুর চরিত্রে সুমিত ভ্যাস অভিনয় করবেন। এ অভিনেতাকে ‘ইংলিশ ভিংলিশ’, ‘গুড্ডু কি’ গানসহ একাধিক ছবিতে দেখা গেছে। দিল্লিতে আগস্ট মাসে ছবির শুটিংয়ের কাজ শুরু হবে।