এবার কি তবে পরিচালনা
অভিনেত্রী, অ্যাক্টিভিস্ট, নারীবাদী, সংস্কৃতিকর্মী, বইপ্রেমী—এত দিন তাঁর নামের সঙ্গে যুক্ত ছিল আরও কত অভিধা! নতুন করে সেখানে যুক্ত হতে চলেছে আরেকটি পরিচয়—পরিচালক। বলছি এমা ওয়াটসনের কথা। ২০০১ সালে জে কে রাউলিংয়ের ‘হ্যারি পটার’ সিরিজের হারমায়োনি গ্রেঞ্জার হয়ে পর্দায় এসেছিলেন অভিনেত্রী। তখন বয়সে ছিলেন একেবারেই কাঁচা। কিন্তু এই এক চরিত্র দিয়েই জয় করেছিলেন সারা বিশ্বের হ্যারি পটার–ভক্তদের মন। ২০১৯ সালে ‘লিটল উইমেন’ ছবিতে তাঁকে শেষ দেখা গেছে।
এরপর করোনায় আর কাজে ফেরেননি। তবে তিনি যে বসে থাকেননি, তার প্রমাণ মিলল ইনস্টাগ্রামে। ২৭ অক্টোবর সেখানে দুটি ছবি দিয়েছেন তিনি। তাতে দেখা গেল, মুভি ক্যামেরা হাতে দাঁড়িয়ে আছেন এমা ওয়াটসন। আরেকটি ছবিতে রীতিমতো চিত্রগ্রাহকের ভূমিকায় দেখা গেছে তাঁকে। বোঝা গেল, করোনার অবসরটায় ক্যামেরার পেছনের কাজ শিখেছেন এই অভিনেত্রী।
ওই দুই ছবির সঙ্গে দিয়েছেন চমৎকার পোস্ট। সেখানে জানালেন, ‘লকডাউনে ক্যামেরার পেছনে থাকা এবং কীভাবে এটি কাজ করে, তা–ই শিখেছি। একজন তরুণ নারী হিসেবে আমি সব সময়ই ভাবি, সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো কারও পরিচালনায় নিজের অভিনয়শৈলী দেখানো। কিন্তু নিজের ও অন্যের গল্পগুলো বলতে পারার যোগ্যতা অর্জন করাটাও অসাধারণ।’
ক্যামেরার সামনে থেকে পেছনে যাওয়ার মানে কি নতুন কিছু আসতে যাচ্ছে? সে সম্ভাবনা ফেলে দেওয়া যায় না। এমার এই নতুন রূপ দেখে তাঁর ভক্ত ও অনুরাগীরাও উচ্ছ্বসিত। একজন লিখেছেন, ‘চালিয়ে যাও, মেয়ে।’ অভিনেত্রী রিজ উইদারস্পুন লিখেছেন, ‘হ্যাঁ, আমি এটা পছন্দ করি। চালিয়ে যাও, এমা।’ একজন লিখেছেন, ‘তুমি কী বানিয়েছ, তা দেখার আর তর সইছে না।’
সেটাই এবার দেখার পালা।