এবার কোন নায়কের ঘর সাজাচ্ছেন গৌরী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৌরী খান
গৌরী খান

গৌরী খান এবার আরেক অবিবাহিত বলিউড নায়কের ঘর সাজাতে চলেছেন। এর আগে রণবীর কাপুরের বাসা নিজের হাতে সাজিয়ে ছিলেন শাহরুখ পত্নী গৌরী। এবার বলিউড তারকা বরুণ ধাওয়ানের ফ্ল্যাট সাজানোর দায়িত্ব নিলেন বলিউডের ‘ফার্স্ট লেডি’।

ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে এই মুহূর্তে গৌরী খানের বেশ নামডাক আছে বলিউড মহলে। বলিউডের একাধিক সেলিব্রেটির বাসা তিনি নিজে দায়িত্ব নিয়ে সাজিয়েছেন। এবার বরুণের নতুন বাসা সাজানোর দায়িত্ব গৌরীর হাতে তুলে দিলেন এই নায়কের মা করুণা ধাওয়ান।

সম্প্রতি বরুণ মুম্বাইতে চার কামরার একটি ফ্ল্যাট কিনেছেন। জুহুতে তিনি তাঁর বাবা পরিচালক ডেভিড ধাওয়ান ও মা করুণার সঙ্গে যে বহুতল ভবনে থাকেন, সেখানেই নতুন ফ্ল্যাটটি কিনেছেন। বরুণ এখন তাঁর আগামী ছবি ‘জুড়ওয়া ২’-এর শুটিংয়ে ব্যস্ত। তাই ছেলের ফ্ল্যাট সাজানোর দায়িত্ব মায়ের ওপর এসে পড়েছে। করুণা জানেন, একমাত্র গৌরীই পারেন বরুণের রুচিমতো তাঁর বাসাটি সাজিয়ে দিতে। তাই বাসাটির অন্দরসজ্জার দায়িত্ব তিনি সঁপে দিয়েছেন শাহরুখের স্ত্রীর ওপর।

এর আগে মুম্বাইয়ের পালি হিলে রণবীর কাপুরের নতুন বাসা তাঁর মনের মতো করে সাজিয়ে দিয়েছিলেন গৌরী। রণবীর টুইট করে গৌরীকে এর জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। শুধু ধন্যবাদ জ্ঞাপনেই থেমে থাকেননি; গৌরীর কাজের ভূয়সী প্রশংসাও করেন এই বলিউড নায়ক। এমনকি গত বছর রণবীরের বাবা বলিউড অভিনেতা ঋষি কাপুর তাঁর ও স্ত্রী নীতু সিংয়ের পক্ষ থেকে টুইট করে কিং খানের পত্নীকে ধন্যবাদ জানান। ঋষির টুইটেও ঝরে পড়ে গৌরীর কাজের প্রশংসা।