এবার গন্তব্য ফ্রান্স!

দাম্পত্য জীবনের দুই বছর পূর্ণ করতে যাচ্ছেন কারিনা-সাইফ। ১৬ অক্টোবর তাঁদের সেই স্মরণীয় দিনটি। এবার কোথায় উদযাপন করবেন দ্বিতীয় বিবাহবার্ষিকী? কারিনার ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, এবার এই দম্পতি যাত্রা করবেন ফ্রান্সের উদ্দেশে। সম্প্রতি বলিউডের দুই তারকা অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট যেখানে বিয়ে সেরেছেন, সেই সেন্ট-ইমিলিয়নেই দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করতে যাচ্ছেন তাঁরা। টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, ব্র্যাঞ্জেলিনার বিয়ের স্থানটিতেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করতে যাচ্ছেন সাইফিনা। হলিউডে ব্র্যাড পিট ও জোলিকে যেভাবে একত্রে ব্র্যাঞ্জেলিনা বলা হয়, বলিউডে সাইফ ও কারিনাকে সাইফিনা বলা হয়।
গত বছর সাইফ-কারিনা তাঁদের প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করতে গিয়েছিলেন লন্ডনে। যুক্তরাজ্যের রাজধানী লন্ডন সাইফ আলী খানের প্রিয় জায়গা। অক্সফোর্ডে পড়াশোনা করেছেন তিনি। প্রথম বিবাহবার্ষিকী লন্ডনে উদযাপন করলেও এবারে কারিনা কাপুর ফ্রান্সে যাওয়ার জন্য সাইফকে রাজি করিয়েছেন। আর স্থানটিও কারিনারই পছন্দ। ২৩ আগস্ট পিট আর জোলি যেখানে বিয়ে করলেন, সেই আঙুরের বাগান ঘেরা সেন্ট-ইমিলিয়নেই যাবেন তাঁরা। কারিনার আবদার সাইফ কি আর ফেলতে পারেন! দীর্ঘদিন প্রেম করে ২০১২ সালের ১৬ অক্টোবর সাইফ নবাব পরিবারের বউ হিসেবে ঘরে তুলেছিলেন কারিনাকে। এবারে কি ফ্রান্সই হচ্ছে গন্তব্য? কারিনার কাছে বিষয়টি নিশ্চিত হতে চাইলে এক সাংবাদিককে ‘স্মাইলি’ পাঠিয়ে বুঝিয়ে দিয়েছেন, যা বোঝার বুঝে নাও!