এবার গান গাইলেন জন আব্রাহাম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গান গাইলেন জন আব্রাহাম
গান গাইলেন জন আব্রাহাম

বলিউডের তারকাদের অনেকেই যেন আর শুধু অভিনেতা বা অভিনেত্রী পরিচয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না! যদিও ছবির গান গাওয়ার প্রতি তারকাদের এই ঝোঁকের বিষয়টা নতুন কিছু নয়। ‘বিগ বি’ অমিতাভ বচ্চন থেকে শুরু করে হালের শ্রদ্ধা কাপুর—গান গাইছেন প্রায় সবাই। এবার এ তালিকায় নাম লেখালেন বলিউডের সুদর্শন অভিনেতা জন আব্রাহাম।

‘রকি হ্যান্ডসাম’ ছবির একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বলিউড লাইফ।

শুধু কি অমিতাভ বচ্চন কিংবা শ্রদ্ধা কাপুর? সালমান খান, আমির খান, এমনকি শাহরুখ খান—এই তিন খানই গেয়েছেন ছবির গান। মাইক্রোফোন হাতে তুলে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও। কাজেই জন আব্রাহামই বা এই দলের বাইরে থাকবেন কেন? তিনিও যোগ দিলেন তারকা অভিনেতা ও গায়কদের দলে।

‘রকি হ্যান্ডসাম’ ছবির জন্য ‘আলফাজো কি তারাহ’ গানটির ‘আনপ্লাগড ভার্সনে কণ্ঠ দিয়েছেন জন। রোমান্টিক এ গানটির সংগীতায়োজন করেছেন অঙ্কিত তেওয়ারি। যদিও গানটির ভিডিওচিত্র তৈরি হয়নি এখনো।

তবে ছবিতে এটাই যে একমাত্র চমক, তা নয়! জনের ভক্তদের জন্য থাকছে আরও কিছু চমক—এমনটাই জানানো হয়েছে প্রতিবেদনটিতে।


টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে দেব দুলাল গুহ।