এবার তবে নায়িকাদের 'ওয়ার'

দৈহিক সৌন্দর্য ও নাচ—এ দুই বিষয়েই অনবদ্য হৃতিক রোশন ও টাইগার শ্রফ। এই দুজনকে নিয়ে ছবি বানালে বাজিমাত হবে, এটাই স্বাভাবিক। বলিউডের বক্স অফিসে মারমার–কাটকাট অবস্থা তাঁদের ছবি ‘ওয়ার’কে ঘিরে। প্রথম দিনেই আয় ৫০ কোটি রুপির ওপর। তাই ছবিটি নিয়ে ভক্তদের মনে জেগেছে আলাদা আগ্রহ। একজন তো প্রস্তাবই দিয়েছেন— হৃতিক ও টাইগারের জায়গায় যদি পর্দায় দীপিকা ও সারা আলী খানকে দেখা যায়, তবে কেমন হবে?
চলচ্চিত্র সাংবাদিক অনুপমা চোপড়া টুইট করেছেন ছবিটির নায়িকা সংস্করণ নিয়ে। অনুপমা লিখেছেন, কেউ কি নারীদের নিয়ে আরেকটি ওয়ার সিনেমা তৈরি করতে পারেন? অসাধারণ, বুদ্ধিদীপ্ত, মুচমুচে একটি অ্যাকশন থ্রিলার ছবি হবে সেটি। তাতে নেওয়া যেতে পারে দীপিকা পাড়ুকোন ও সারা আলী খানকে। দীপিকা ও সারার কাছে টুইটের খবর গিয়েছে কি না জানা যায়নি। তবে এই ধারণার ব্যাপারে ব্যাপক উৎসাহ আলিয়া ভাটের। টুইট করে বলেছেন, ‘আছি, আছি।’
ধারণাটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে ভক্তদের মাঝেও। এক ভক্ত লিখেছেন, ‘তাহলে আমি আজই টিকিট কিনে রাখছি।’ তবে ওয়ার–এর ধারণা নিয়ে অন্য ছবির নায়িকা সংস্করণের কথাও লিখেছেন কোনো কোনো ভক্ত। এক ভক্ত লিখলেন, অন্য ছবির রিমেক নয়, মৌলিক গল্প নিয়েই নায়িকাদের ছবি ভাবা যেতে পারে। উদাহরণ হিসেবে আলোচনা হয়েছে হলিউডের বিখ্যাত সিরিজ ছবি চার্লি’স অ্যাঞ্জেলস নিয়ে। কেউ কেউ দিল চাহতা হ্যায়–এর সিক্যুয়েলের কথাও তুলেছেন।
সে যাই হোক। ছবিটি নিয়ে যে ব্যাপক আলোচনা চলছে, তা সত্য। আর টুইটটি যদি কোনো চলচ্চিত্রকারের চোখে পড়ে, তবে নায়িকাদের নিয়ে আরেকটি ওয়ার তৈরি হয়েও যেতে পারে। তাতে অনুপমা চোপড়ার প্রস্তাবিত দীপিকা ও সারাকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। পুরো ভারতে চার হাজার পর্দায় দেখা যাচ্ছে ছবিটি। হৃতিক ও টাইগার অভিনীত ছবিটি যে জমিয়ে আয় করছে, তা বলার অপেক্ষা রাখে না। ছবিটি পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ। হিন্দুস্তান টাইমস