এবার বলিউডে ঢুকছেন দক্ষিণি কোন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ভারতীয় তারকাদের শুধু এখন দক্ষিণেই নয়, ভারতজুড়ে তাঁদের রমরমা বাজার। প্রভাস, যশ, আল্লু অর্জুন, সামান্থা রুথ প্রভু, রাশমিকা মন্দানাদের নাম এখন সবার মুখে মুখে। ‘বাহুবলী’, ‘কেজিএফ’ ‘পুষ্পা: দ্য রাইজ’—এসব প্যান ইন্ডিয়ান ছবিগুলো ভারতজুড়ে দারুণ ব্যবসা করেছে। এদিকে বলিউডি ছবির নির্মাতারা দক্ষিণের তারকাদের নিয়ে সিনেমা করতে এখন বেশ আগ্রহী। এ বছর একঝাঁক দক্ষিণি অভিনয়শিল্পীর বলিউডে অভিষেক হতে যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকা হিন্দি ছবির জগতে পা রাখতে যাচ্ছেন।

নয়নতারা
ছবি: ইনস্টাগ্রাম থেকে

নয়নতারা
দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা বলিউড সুপারস্টার শাহরুখ খানের হাত ধরে বলিউডে আসছেন। দক্ষিণের পরিচালক অ্যাটলির ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি। এই ছবির এখন শুটিং চলছে। নয়নতারা ছাড়া এই ছবিতে দক্ষিণের আরেক নায়িকা প্রিয়ামণিকে দেখা যাবে। তবে অ্যাটলির ছবিটির এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

বিজয় সেতুপতি

বিজয় সেতুপতি
দক্ষিণের খ্যাতনামা অভিনেতা বিজয় সেতুপতি শিগগিরই বলিউডে পা রাখতে যাচ্ছেন। এই দক্ষিণি তারকা ভার্সেটাইল অভিনেতা। নানা ধরনের চরিত্রে অভিনয় করে নিজের অভিনয়ের জাত চিনিয়েছেন। শুধু তাই নয়, অভিনেতা ছাড়াও তিনি লেখক, গীতিকার, প্রযোজক হিসেবে কাজ করছেন। ২০১৭ সালের তামিল ছবি ‘মানাগারাম’-এর হিন্দি রিমেক ‘মুম্বাইকার’-এ বিজয় সেতুপতিকে দেখা যাবে। এই ছবিতে বিক্রান্ত ম্যাসি, সঞ্জয় মিশ্রা, রণবীর শৌরি, আর শচিন খেড়েকরের মতো অভিনেতারা আছেন।

জুনিয়র এনটি আর

জুনিয়র এনটি আর
জুনিয়র এনটি আর ‘আরআরআর’ ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ করতে যাচ্ছেন। এস এস রাজামৌলি পরিচালিত এই ছবিটি তামিল, তেলেগু, কন্নড়, মালায়লম ছাড়া হিন্দি ভাষাতেও মুক্তি পেতে যাচ্ছে। ‘আরআরআর’ ছবিকে ঘিরে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে। এই ছবিতে জুনিয়র এনটি আর ছাড়া আলিয়া ভাট, অজয় দেবগন, আর রাম চরণ আছেন। দক্ষিণি তারকা রাম চরণের বেশ কয়েক বছর আগেই বলিউডে অভিষেক হয়েছে।

রাশমিকা মান্দানা
ইনস্টাগ্রাম

রাশমিকা মান্দানা
দক্ষিণের আবেদনময়ী নায়িকা রাশমিকা মান্দানা প্যান ইন্ডিয়ান ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে সারা ভারতে ঝড় তুলেছেন। তবে এ বছর হিন্দি ছবির জগতে পাকাপাকি পা রাখতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে এই দক্ষিণি অভিনেত্রী ‘মিশন মজনু’ ছবিতে জুটি বাঁধছেন। শান্তনু বাগচি পরিচালিত এই থ্রিলার ছবিটি সত্য ঘটনা নিয়ে বানানো।

রাশি খান্না
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্না এর আগে হিন্দি ছবিতে কাজ করেছেন। ২০১৩ সালে তাঁকে জন আব্রাহামের ‘মাদ্রাজ কাফে’ ছবিতে একটা ছোটো চরিত্রে দেখা গিয়েছিল। তবে এবার পুরোপুরি নায়িকা হিসেবে বিটাউনে তাঁর অভিষেক হতে যাচ্ছে। সিদ্ধার্থ মালহোত্রা আর দিশা পাটানির সঙ্গে রাশিকে ‘যোদ্ধা’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তাঁর চরিত্রটি অনেক বড় ও গুরুত্বপূর্ণ। রাশি অসংখ্য তামিল ও তেলেগু সুপারহিট ছবি উপহার দিয়েছেন।

বিজয় দেবারাকোন্ডা

বিজয় দেবারাকোন্ডা
তেলেগু ব্লকব্লাস্টার ছবি ‘অর্জুন রেড্ডি’তে রাগী তরুণের চরিত্রে সবার মনজয় করেছিলেন বিজয়। এই দক্ষিণি তারকা ধর্ম প্রোডাকশনের ‘লাইগার’ ছবির মাধ্যমে বিটাউনে প্রবেশ করতে যাচ্ছেন। পুরী জগন্নাথ পরিচালিত এই ছবিতে তাঁর বিপরীতে আছেন অনন্যা পান্ডে।

নাগা চৈতন্য

নাগা চৈতন্য
তেলেগু সুপারস্টার নাগা চৈতন্য ‘লাল সিং চাড্ডা’ ছবি দিয়ে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন। আমির খানের এই ছবিতে তাঁকে ‘বালা’ নামের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। নাগা চৈতন্যের আরেকটি পরিচয় তিনি দক্ষিণি তারকা নাগার্জুনের ছেলে।

রহমান
দক্ষিণের অভিনেতা রহমান বলিউডে অভিনয় করতে যাচ্ছেন। তাঁকে টাইগার শ্রফের সঙ্গে ‘গণপত’ ছবিতে দেখা যাবে। বিকাশ বহেল পরিচালিত এই অ্যাকশন ঘরানার ছবির নায়িকা কৃতি শ্যনন।