এবার বালালি গ্রামবাসীকে 'দঙ্গল' দেখালেন আমির

কয়েক সপ্তাহ আগেই কুস্তিগির গীতা ফোগাতের বিয়েতে গিয়েছিলেন আমির খান। ‘দঙ্গল’ ছবিতে এই গীতা ফোগাতের বাবা মহাবীর সিং ফোগাতের চরিত্রেই আমির অভিনয় করেছেন। ছবিতে গীতা ও তাঁর বোন ববিতার চরিত্রও আছে। হরিয়ানার বালালি গ্রামে যখন বিয়ের নিমন্ত্রণে গিয়েছিলেন, তখনই আমির তাঁদের কথা দিয়ে এসেছিলেন যে এই গ্রামের মানুষের জন্য ‘দঙ্গল’-এর বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করবেন। আমির তাঁর কথা রেখেছেন।
বালালি গ্রামের সবচেয়ে কাছে যে হলটি, সেটিও গ্রাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এই গ্রামে যখন গীতার বিয়ের অতিথি হয়ে হাজির হয়েছিলেন আমির, তখনই গ্রামবাসী প্রিয় তারকাকে তাঁদের ইচ্ছার কথা জানান। সে সময় ‘দঙ্গল’ দেখার আগ্রহের কথা প্রকাশ করেন তাঁরা। আমিরও এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যান। ২৩ ডিসেম্বর মুক্তি পেয়েছে ‘দঙ্গল’। সম্প্রতি আমির খান গ্রামবাসীকে এই ছবি দেখানোর ব্যবস্থা করেন। প্রায় ৫০০ গ্রামবাসী এই সিনেমাটি দেখার জন্য জমায়েত হয়েছিলেন বলে জানা গেছে।
‘দঙ্গল’ দেখতে এত মানুষের উপস্থিতি আমির খানকে অভিভূত করেছে। আর গ্রামবাসী আনন্দিত হয়েছে আমির তাঁর দেওয়া কথা রেখেছেন বলে। বলিউড হাঙ্গামা।