এবার ভোজনরসিক সহকারী পুলিশ কমিশনারের চরিত্রে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পুষ্পা: দ্য রাইজ’ ছবি মুক্তির ৫০ দিন পার হয়ে গেছে। তবু এই ছবি ঘিরে উন্মাদনা এখনো কমেনি। সুকুমার পরিচালিত এই ছবিটি মুক্তির পর আল্লু অর্জুনের প্রেমে ভাসছেন সব বয়সী সিনেমাপ্রেমীরা। এমনকি বলিউড তারকাদের নামও এই তালিকায় আছে। হৃতিক রোশন থেকে আলিয়া ভাট—সবার মুখে এই দক্ষিণি সুপারস্টারের প্রশংসা শোনা গেছে। এবার বলিউডের ‘দাদা’ মানে মিঠুন চক্রবর্তীর মুখে আল্লুর প্রশংসা শোনা গেল।
বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী আর কয়েক দিন পর ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন। আমাজন প্রাইম ভিডিওর সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী সিরিজ ‘বেস্ট সেলার’-এর মাধ্যমে তাঁর অভিষেক হতে চলেছে। এই সিরিজের প্রচারণার সময় মিঠুন নিজেই ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’-এর প্রসঙ্গ টেনে আনেন।

মিঠুন চক্রবর্তীর মুখে আল্লুর প্রশংসা শোনা গেল

গত কয়েক বছরে ছবির জগতে পরিবর্তন সম্পর্কে তিনি বলেন, ‘আল্লু অর্জুনের “পুষ্পা” ছবিটিই দেখুন। এই ছবিটি একদমই সিঙ্গেল স্ক্রিন ছবি। কী করে ছবিটি এতটা সাফল্য পেল? কারণ, এই ছবির সঙ্গে মানুষ নিজেকে সংযোগ করতে পেরেছে।’

মিঠুন চক্রবর্তী আরও বলেন, ‘আমি মনে করি, “পুষ্পা” আশি বা নব্বইয়ের দশকে লার্জার-দ্যান-লাইফ মশালা ছবির মতো। একদম দর্শকের কথা মাথায় রেখে এই ছবিটা বানানো হয়েছে। আল্লু অর্জুন একজন সুপারস্টার। আর ওর এই “স্টারডম” খুব সুন্দরভাবে সময়মতো ছবিতে ব্যবহার করা হয়েছে। তাই মানুষের এত ভালো লেগেছে এই ছবিটা। আমিও “পুষ্পা” ছবিটা দেখেছি। আমারও দুর্দান্ত লেগেছে। আল্লু আমার প্রিয় অভিনেতাদের মধ্যে একজন।’

মিঠুন চক্রবর্তী

মিঠুন চক্রবর্তী সম্প্রতি জানিয়েছেন, ‘বেস্ট সেলার’ সিরিজে তাঁকে ৭১ বছর বয়সী সহকারী পুলিশ কমিশনার লোকেশ প্রামাণিকের চরিত্রে দেখা যাবে।

নিজের অভিনীত চরিত্রের প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমার অভিনীত চরিত্র “লোকেশ প্রামাণিক” একটু অদ্ভুত, তবে সবার প্রিয় এসিপি। আর ও আপাদমস্তক ভোজনরসিক। সিরিজে ওকে সব সময় কিছু না কিছু খেতে দেখবেন। আর খাওয়া নিয়ে অবিরাম কথা বলেছে। রান্না করছে, আর তার ইউটিউব ভিডিও বানাচ্ছে।’ এই বলিউড তারকা মজার সুরে বলেন, ‘জানেন, এই অদ্ভুত চরিত্রটি কার দ্বারা অনুপ্রাণিত। এই চরিত্রের কিছু গুণ আমাদের প্রযোজক সিদ্ধার্থ মালহোত্রার দ্বারা অনুপ্রাণিত। তিনি প্রকৃত ভোজনবিলাসী। এই সম্পর্কে ওনার দারুণ জ্ঞান। কোন রেস্তোরাঁয় কোন ভালো পদ পাওয়া যায়, তা ওনার ঠোঁটের ডগায়। আর তিনি খাবার জন্য সব সময় প্রস্তুত থাকতেন। তবে এখন তাঁর মধ্যে অনেক বদল এসেছে। এখনো তিনি “রসপণ্ডিত”। কিন্তু এখন খেতে খুব একটা চান না।’

মুসৌরিতে ‘বেস্ট সেলার’ সিরিজের শুটিং হয়েছে। শুটিং অভিজ্ঞতার প্রসঙ্গে মিঠুন বলেছেন, ‘এই সিরিজে একটা দৃশ্য ছিল যে আমি মল রোডে সাইকেল রিকশা করে যাব। হঠাৎ দেখি যে মুহূর্তের মধ্যে হাজারখানেক ভক্ত জমা হয়েছে আমাদের দেখবে বলে। ভিড় সামাল দেওয়ার জন্য আমাদের যদিও ২০ জন নিরাপত্তারক্ষী ছিলেন। কিন্তু তাতেও কাজ হয় না। একটা সময় প্রযোজনা সংস্থা থেকে আমাদের একটা রেস্তোরাঁয় ঢুকিয়ে তালা বন্ধ করে দেওয়া হয়। এরপর স্থানীয় পুলিশ এসে ভিড় ভাঙে। আর এভাবে মানুষের ভালোবাসার সাক্ষী হওয়া দারুণ ব্যাপার।’

মিঠুন চক্রবর্তী

‘বেস্ট সেলার’ সিরিজটি ১৮ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। এই সিরিজে মিঠুন চক্রবর্তী ছাড়া, শ্রুতি হাসান, গওহর খান, অরজান বাজওয়া, সোনালি কুলকার্নি, সত্যজিৎ দুবেসহ আরও অনেকে আছেন।